ধামরাইয়ে যান চলাচল বন্ধ করে সড়কের ওপর মাসব্যাপী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে রথমেলার নামে সড়ক বন্দোবস্ত দিয়ে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। মেলার কারণে সড়কটিতে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী, যানবাহন শ্রমিক এবং ব্যবসায়ীরা। স্থানীয় লোকজন জানান, গত ৭ জুন থেকে ধামরাইয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রীযশোমাধবের রথযাত্রা উৎসব। এই উৎসব ঘিরে আয়োজিত মেলার দোকানপাট বসেছে ধামরাইয়ের মূল শহরে ধুলিভিটা-ধানতারা সড়কের উভয় পাশে। দোকানপাটের কারণে সড়কটিতে রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।যশোমাধব মন্দির পরিচালনা কমিটি এবার ১৯ লাখ টাকায় ইজারা দিয়েছে জনসাধারণের চলাচলের জন্য নির্মিত সড়কটি। ইজারা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি মুখছেদুর রহমান দোকান বরাদ্দ দিয়ে হাত গুনে টাকা (এক হাত জায়গার মূল্য দুই হাজার ৫০০ টাকা) আদায় করছেন ব্যবসায়ীদের কাছ থেকে। যাত্রাবাড়ী থেকে ১৫০ গজ এলাকাজুড়ে সড়কের উভয় পাশে বসা অন্তত দেড় হাজার দোকান থেকে এই টাকা আদায় করা হচ্ছে। মেলার দোকানদারেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, সড়কের প্রতি হাত জায়গা তাঁরা দুই হাজার ৫০০ টাকায় এক মাসের জন্য বরাদ্দ নিয়েছেন। এই হিসাবে দোকানের আয়তন অনুযায়ী ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে তাঁদের।ধামরাই বাজারের আহমেদ স্যানেটারি অ্যান্ড ইলেকট্রিকসের মালিক বাবুল হোসেন, তেঁতুলিয়ার আনোয়ার হোসেনসহ অনেক ব্যবসায়ী জানান, ধামরাই সদরসহ রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে ধামরাইয়ের উত্তরাঞ্চলের গ্রামগুলোর হাজার হাজার মানুষের অন্যতম ভরসা ধুলিভিটা-ধানতারা সড়ক। এই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু মেলার নামে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ করে দিয়ে দোকানপাট বসানো হয়েছে। ফলে তাঁদের বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। তাঁরা জানান, মেলার জন্য দোকানপাট বসার কারণে তাঁদের স্থায়ী দোকানগুলো ঢাকা পড়ে গেছে। এতে তাঁদের দোকানগুলোতে বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। ধামরাই পৌরসভার কাউন্সিলর ও মেলার ইজারাদার মুখছেদুর রহমান বলেন, ইজারার ১৯ লাখ টাকা ছাড়াও নানা ঘাটে আরও কয়েক লাখ টাকা তাঁদের খরচ হয়েছে। এ কারণেই এবার জায়গার ভাড়া বাড়ানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলার কারণে সড়ক বন্ধ করে জনসাধারণের অসুবিধার সৃষ্টি হয়েছে, এটা দুঃখজনক। কিন্তু ইজারার শর্ত মেনেই সড়কের ওপর দোকানপাট বসানো হয়েছে। এর দায়দায়িত্ব মন্দির পরিচালনা কমিটির।যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দগোপাল সেন বলেন, প্রতিবছরই মেলার দোকানপাটের জন্য সড়ক ইজারা দেওয়া হয়। এবারও ১৯ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। ইজারার টাকা মন্দির সংস্কারের কাজেই ব্যয় করা হয়ে থাকে।সড়কে যান চলাচল বন্ধ করে দোকানপাট বসানোর কারণে জনসাধারণের অসুবিধা হচ্ছে—এমন সমস্যা ও অনিয়মের কথা তুলে ধরা হলে তিনি বলেন, মেলার জন্য মানুষের সাময়িক সমস্যা ভোগ করতেই হয়।