ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ের লাড়ুয়াকুন্ডু গ্রাম থেকে গত শনিবার মুনছের আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।ধামরাই থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কুল্লা ইনিয়নের ওই গ্রামের সমশের আলীর ছেলে মুনছের আলীর সঙ্গে একই গ্রামের আবদুর রশীদের স্ত্রী মালেকা বেগমের মন দেওয়া-নেওয়া চলছিল বেশ কিছুদিন ধরে। বিষয়টি জানাজানি হওয়ার পর নিষ্পত্তির জন্য উভয় পরিবারের লোকজন গত শুক্রবার ঘরোয়া সালিসে বসেন। কিন্তু দুই পরিবারের মধ্যে বাগিবতণ্ডার পর অমীমাংসিত অবস্থায় সালিস শেষ হয়। ওই রাত থেকেই মুনছেরকে পাওয়া যাচ্ছিল না। গত শনিবার বিকেলের দিকে রশীদের বাড়ির পাশে একটি ধানখেতে মুনছেরের লাশ পড়ে থাকতে দেখে লোকজন ধামরাই থানায় খবর দেয়। মুনছের আলী খুনের ঘটনায় তাঁর স্ত্রী আসমা বেগম বাদী হয়ে গত শনিবার রাতে ধামরাই থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হলেও সন্দেহভাজন খুনি হিসেবে রশীদ ও কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়। আসমা বেগম অভিযোগ করে বলেন, ‘স্ত্রীর সঙ্গে পরকীয়ার কারণেই রশীদ তাঁর সহযোগীদের সহায়তায় আমার স্বামীকে হত্যা করেছেন। কিন্তু পুলিশের অনিচ্ছার কারণে মামলায় সরাসরি তাঁদের নাম দেওয়া সম্ভব হয়নি।’ ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মুনছের আলীকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।