ধামরাইয়ে রডবোঝাই ট্রাক ছিনতাই চালক ও সহকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে গত সোমবার ভোরে রডবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। ট্রাকটি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মানিকগঞ্জে যাচ্ছিল। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে।ধামরাই থানার পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা রি-রোলিং মিলস থেকে ১৩ মেট্রিক টন রড নিয়ে রোববার বিকেলে ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৬-৬২০১) মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়। এটি মানিকগঞ্জ শহরের এমএম ট্রেডিংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়ে যায়। অ্যাপেক্স ট্রেডিং অ্যান্ড পরিবহন ট্রাকটি ভাড়া করে দিয়েছিল।ট্রাকচালক ও তাঁর সহকারী গতকাল সকালে ধামরাই থানায় যান। তাঁরা ছিনতাইয়ের ঘটনা পুলিশের কাছে খুলে বলেন। এর আগে তাঁরা ছিনতাইয়ের ঘটনা ট্রাকমালিককেও জানান। এরই মধ্যে সীমা রি-রোলিং মিলসের বিপণন কর্মকর্তা আশরাফুজ্জামান থানায় গিয়ে মামলা করেন। মামলায় ট্রাকচালক ইসমাইল হোসেন (৪২) ও তাঁর সহকারী খোকন (২১) এবং অ্যাপেক্স ট্রেডিং অ্যান্ড পরিবহনের মালিক সুমনকে আসামি করা হয়। এরপর পুলিশ ইসমাইল ও খোকনকে ওই মামলায় গ্রেপ্তার করে।পুলিশ হেফাজতে ট্রাকচালক ইসমাইল সাংবাদিকদের জানান, ট্রাকটি কালামপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে দুটি খালি ট্রাক এসে তাঁদের ট্রাকটি ব্যারিকেড দেয়। কিছুক্ষণের মধ্যে একটি মাইক্রোবাস এসে সেখানে থামে। ওই মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের মরধর করে ট্রাকে থেকে নামিয়ে দেয়। এ সময় তাঁর সহকারী দৌড়ে পালাতে সক্ষম হলেও দুর্বৃত্তরা তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর জোর করে তরল পানীয়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য পান করিয়ে তাঁকে অচেতন অবস্থায় নারায়ণগঞ্জে ফেলে রেখে যায়। দুর্বৃত্তরা তাঁর মাথায় রড দিয়ে আঘাতও করে। তিনি অভিযোগ করেন, মিল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত না হয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আর পুলিশও যাচাই-বাছাই না করে মামলা নিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে। এ সময় তিনি তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহূ দেখান।তবে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ অভিযোগ করেন, ছিনতাই নয়, চালক ও তাঁর সহকারী কৌশলে ট্রাকটি আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন।