ধামরাইয়ে রথযাত্রা উৎসব বন্ধ ঘোষণা, বিক্ষোভ
ঢাকার অদূরে ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধবের উল্টোরথযাত্রা উৎসব হচ্ছে না। হামলা ঠেকাতে ব্যবস্থা না নিয়ে নিরাপত্তার কথা বলে মেলা বন্ধ করে দিয়ে রথ টানার নানা শর্ত দেওয়ার প্রতিবাদে আয়োজকদের পক্ষ থেকে উল্টোরথযাত্রা উৎসব বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা বন্ধের প্রতিবাদে তাঁরা বিক্ষোভও করেছেন। আজ সোমবার ওই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্টোরথযাত্রা উৎসবে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ গতকাল রোববার থেকে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলার দোকানপাট, সার্কাস ও পুতুলনাচ বন্ধ করে দেয়। এর পরপরই যশোমাধব মন্দির ও রথযাত্রা উৎসব পরিচালনা পরিষদের কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠক থেকে উল্টোরথযাত্রা উৎসব বর্জনের ঘোষণা দেওয়া হয়। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
এ বছর ২৫ জুন ধামরাইয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ওই দিন কায়েতপাড়া মন্দির থেকে যশোমাধবকে রথে করে ধামরাই পৌর এলাকার গোপনগরের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ উল্টোরথযাত্রা উৎসবের মধ্য দিয়ে মাধবকে কায়েতপাড়া মন্দিরে আনার কথা ছিল।
গতকাল সরেজমিনে দেখা যায়, ধামরাইয়ে রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলার কোনো দোকানপাট নেই। সার্কাস ও পুতুলনাচের আসরও ছিল না। ধামরাই বাজারের সব দোকানপাটও বন্ধ পাওয়া যায়। শরীফবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কে জনসাধারণকে পুলিশের বাধার মুখে পড়তে হয়।
যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, হামলা ঠেকাতে ব্যবস্থা না নিয়ে পুলিশ মেলা বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, হিন্দুধর্মালম্বীদের সাড়ে তিন শ বছরের পুরোনো এই উৎসবের ওপর বড় আঘাত এল।
জানতে চাইলে গত শনিবার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে উল্টোরথযাত্রা উৎসবে জঙ্গি হামলা হবেই। কোথায়, কীভাবে এই হামলার তৎপরতা চালানো হচ্ছে, তার নিশ্চিত তথ্যও পাওয়া গেছে। সেই হামলা ঠেকানোর কৌশল হিসেবে দুই দিনের জন্য মেলার দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। তবে নিরাপদে উল্টোরথযাত্রা উৎসব উদ্যাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।