ধামরাইয়ে রথযাত্রা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে মঙ্গল প্রদীপ জ্বেলে নয় দিনব্যাপী উৎসব শুরু হয়। পরে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার প্রতীকী রশি টেনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গতকাল সকাল ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ার মাধব মন্দিরের প্রধান পুরোহিত চপলেশ গাঙ্গুলী রথখোলা আঙ্গিনায় ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ করেন। বিকেল তিনটার দিকে মাধব মন্দির থেকে মাধব বিগ্রহ (মাধব মূর্তি) রথে স্থাপন করা হয়। এর ঘণ্টা খানেক পরই রথখোলা মঞ্চে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে নিয়ে যে ধর্মনিরপেক্ষ সমাজ গঠন করেছি, এই রথযাত্রা উৎসব এর বড় উদাহরণ। এই উৎসবকে কেন্দ্র করে হিন্দু-মুসলমান-বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের লোকজন আজ এক মঞ্চে সমেবত হয়েছি।’ তিনি বলেন, ‘আমরা সেই সমাজ গড়তে চাই, যে সমাজের প্রতিটি বাহু হবে শক্তিশালী। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ হবে সমান।’
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই হাজারো নর-নারী রশি টেনে ‘বাবার বাড়ি’ থেকে যশোমাধবকে ধামরাই পৌর এলাকার গোপনগরে ‘শ্বশুরালয়ে’ নিয়ে যায়। সেখানে নয় দিন অবস্থানের পর আবার বাবার বাড়ি আনা হবে উল্টো রথযাত্রা উৎসবের মাধ্যমে।