ধামরাইয়ে রথযাত্রা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে ধামরাইয়ে শুরু হয়েছে শ্রীশ্রীযশোমাধবের রথযাত্রা উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে মঙ্গলপ্রদীপ জ্বেলে নয় দিনব্যাপী উৎসবের সূচনা করা হয়। পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গতকাল সকাল ১০টায় পৌর এলাকার কায়েতপাড়ার মাধব মন্দিরের প্রধান পুরোহিত চপলেশ গাঙ্গুলী রথখোলা আঙিনায় ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ করেন। এর পর বেলা তিনটার দিকে মন্দির থেকে মাধববিগ্রহ (মাধবমূর্তি) রথে স্থাপন করা হয়। এর পরই রথখোলার মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী আবদুল লতিফ বলেন, এই রথযাত্রা সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। এ ধরনের সম্প্রীতি বজায় থাকলে এ দেশ আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বেনজীর আহামেদ, ভারতের হাইকমিশনার পংকজ শরণ ও ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপণিতত্ব করেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। পরে রথযাত্রায় যোগ দেওয়া নারী-পুরুষ মিলে রশি টেনে বাবার বাড়ি থেকে যশোমাধবকে ধামরাই পৌর এলাকার গোপনঘরে শ্বশুরালয়ে নিয়ে যায়। সেখানে নয় দিন অবস্থানের পর পুনরায় বাবার বাড়ি আনা হবে উল্টো রথযাত্রার মাধ্যমে। ২৯ জুন হবে উল্টো রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উপলক্ষে ধামরাই পৌর এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। মেলা প্রাঙ্গণে বসেছে মেলা, সার্কাস, পুতুলনাচসহ বিভিন্ন আয়োজন। এসব চলবে মাসব্যাপী। উৎসব আঙিনায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পরিচালনা কমিটির পাশাপাশি পুলিশ, র‌্যাবসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।