ধামরাইয়ে শ্যালক ও শ্বশুরের হাতে জামাতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আজ শনিবার সকালে শ্বশুর ও শ্যালকের হাতে খুন হয়েছেন ঘেচু মিয়া (৩০) নামের এক দিনমজুর। তাঁকে প্রকাশ্যে গলা টিপে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে।

এদিকে ঢাকার সাভারের বলিয়ারপুর ও পৌর এলাকা থেকে পুলিশ অজ্ঞাতনামা এক শিশুর লাশসহ দুটি লাশ উদ্ধার করেছে। ধামরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক মাদ্রাসাছাত্র।
ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বছর পাঁচেক আগে ধামরাইয়ের মালঞ্চ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ঘেচু মিয়া একই উপজেলার ভাড়ারিয়া উত্তরপাড়া গ্রামের শহর আলীর মেয়ে রোমেনা খাতুনকে (২২) বিয়ে করেন। এর পর থেকেই শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। সেখানে থেকে কখনো রিকশা ভ্যান চালাতেন, আবার কখনও দিনমজুরের কাজ করতেন। বেশ কিছুদিন হয় দেনা-পাওনা নিয়ে শ্বশুর শহর আলী ও শ্যালক ইকবাল হোসেনের সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ চলছিল।
আজ শনিবার সকাল ১০টার দিকে দেনা-পাওনা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শহর ও তাঁর ছেলে ইকবাল ঘেচুকে গলা-টিপে হত্যা করেন। এ সময় ঘেচুর স্ত্রী রোমেনার চিত্কারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের (শহর ও ইকবাল) আটক করে ধামরাই থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই জনতা তাঁদের ছেড়ে দেন। পরে পুলিশ ঘেচুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
নিহত ঘেচুর স্ত্রী রোমানা বলেন, টাকা-পয়সা নিয়ে বিবাদের জের ধরে তাঁর বাবা ও ভাই তাঁর স্বামীকে গলা টিপে হত্যা করেন। তিনি বাঁধা দিয়েও তাঁদের নিবৃত্ত করতে পারেননি।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় আজ সকালে মাহীন মিয়া (৭) নামে এক মাদ্রাসাছাত্র বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সে ঢুলিভিটার রুবেল হোসেনের ছেলে।
আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘেচুকে খুন করার পর পরই জনতা খুনিদের আটক করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁদের ছেড়ে দেয়। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে তাঁর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন।