ধামরাইয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০
চাকরি স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিতে দি একিম ল্যাবরেটরিজ লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকার ধামরাই উপজেলার ঢুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।ধামরাই থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, কারখানাটির পাঁচ শতাধিক শ্রমিক অনেক দিন ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করে এলেও তাঁদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। তাঁদের পারিশ্রমিকও দেওয়া হয় কম। শ্রমিকেরা বারবার দাবি জানিয়েও কর্তৃপক্ষের কোনো সাড়া পাচ্ছিলেন না। তাই অস্থায়ী শ্রমিকেরা কর্মস্থলে এসে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা সকাল সাড়ে সাতটার দিকে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলার পর শ্রমিকেরা বাড়ি চলে যান। পরিস্থিতি শান্ত হলে সকাল সাড়ে আটটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।