ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল জেএসসি পরীক্ষার্থী হৃদয় মণ্ডল (১৩)। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে। গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় পঙ্কজ সরকার নামে আরও এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। হৃদয় ধামরাইয়ের বারিল্যা গ্রামের রঞ্জিত মণ্ডলের ছেলে। সে রোয়াইল উচ্চবিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পুলিশ জানায়, ধামরাই ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে মোটরসাইকেল চালিয়ে হৃদয় বাড়ি ফিরছিল। বেলা দুইটার দিকে সে ডাউটিয়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় সে সড়কের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেল ও ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ হৃদয় এবং অটোরিকশাটি ছিটকে পাশে খাদে পড়ে যায়। এ সময় হৃদয় ও অটোরিকশায় থাকা পঙ্কজ আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যায়। পঙ্কজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।