ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের বালিয়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় পান্না মিয়া (৪০) নামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য মারা গেছেন। আহত হয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নিহত পান্না মিয়ার ভাইসহ তিনজন। হতাহতদের সবাই একই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের বাসিন্দা। ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ধামরাই থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে পান্না তাঁর ছোট ভাই আরফান, ইউপি সদস্য সাত্তার মিয়া ও প্রতিবেশী হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে ধামরাইয়ের বালিয়া বাসস্ট্যান্ডে চা খেতে যান। চা খাওয়া শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তাঁরা বালিয়া ওয়াদুদুর রহমান উচ্চবিদ্যালয়ের পাশে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর্যুপরি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে পান্না ঘটনাস্থলেই মারা যান। পরে আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধামরাই থানাকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রশিদ জানান, গত ইউপি নির্বাচনে রফিকুল হাসান চৌহাট ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু রফিকুল হাসানের নামে সারের ডিলারের লাইসেন্স থাকায় নিয়ম অনুযায়ী তাঁর চেয়ারম্যান পদ বাতিলের জন্য পরাজিত প্রার্থী সিদ্দিকুর রহমান হাইকোর্টে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে সাক্ষ্য প্রমাণ শেষে হাইকোর্ট গত ২৩ ফেব্রুয়ারি রফিকুল হাসানের চেয়ারম্যান পদ বাতিল ঘোষণা করেন। ওই রায়ের কারণে নিয়ম অনুযায়ী রফিকুল হাসানের নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন। এ নিয়ে রফিকুল হাসান ও নজরুল ইসলাম এবং তাঁদের সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরেই সংঘর্ষ চলে আসছিল। গতকালকের ঘটনা ওই দ্বন্দ্বেরই জের বলে তিনি দাবি করেন।পুলিশসহ স্থানীয় বাসিন্দারা জানান, নিহত পান্নাসহ আহত ব্যক্তিদের সবাই নজরুল ইসলামের সমর্থক। এ কারণেই রফিকুল হাসানের লোকজন তাঁদের ওপর হামলা চালায়।মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে রফিকুল হাসানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।গতকাল রাত ১১টার দিকে যোগাযোগ করা হলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত পান্না মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।