ধামরাইয়ে সরকারি রাস্তায় বেড়া দিতে না পেরে প্রতিবেশীকে খুন
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের সুতরাপুর গ্রামে সরকারি রাস্তায় বেড়া দিতে বাধা দেওয়ায় গত শুক্রবার রাতে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক এনজিও কর্মকর্তা খুন হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সামসুল হক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দেলোয়ার হোসেন সুতরাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং আলমখালী সমবায় সমিতির হিসাবরক্ষক। তাঁকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।ধামরাই থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেলোয়ার বাড়ির অদূরে তাঁদের নিজেদের প্রকল্পে যান। এ সময় প্রতিবেশী সোহেল ও তাঁর বাবা সামসুল হকসহ তাদের সহযোগীরা দেলোয়ারকে ধরে জমিতে পানি দেওয়ার ড্রেনে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় দেলোয়ারের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে লোকজন দেলোয়ারকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর স্থানীয় লোকজন সামসুল হককে আটক করে পুলিশে সোপর্দ করে। দেলোয়ারকে খুনের ঘটনায় তাঁর ছোট ভাই ফিরোজ আল মামুন বাদী হয়ে গতকাল শনিবার ধামরাই থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সোহেল ও তাঁর বাবা সামসুল হকসহ ছয়জনকে আসামি করা হয়েছে। ফিরোজ আল মামুনসহ কয়েকজন প্রতিবেশী জানান, গত বৃহস্পতিবার সকালে সোহেল ও তাঁর বাবা তাঁদের বাড়ির সামনে সরকারি রাস্তার ওপর বেড়া দিচ্ছিলেন। দেলোয়ারের বাধার কারণে তাঁরা বেড়া দিতে ব্যর্থ হন। ওই দিন তর্কবিতর্কের একপর্যায়ে সোহেল দেলোয়ারকে হত্যার হুমকি দিয়েছিলেন। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাধার কারণে বেড়া দিতে না পারার আক্রোশ থেকেই দেলোয়ারকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।