ধামরাইয়ে স্কুলশিক্ষক নিখোঁজ এক বছর
ঢাকার ধামরাইয়ে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন স্কুলশিক্ষক এক বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। গত বছরের ৫ জুলাই নিখোঁজ হওয়ার পর ধামরাই থানায় জিডি এবং পাঁচ দিন পর অপহরণ ও লাশ গুমের অভিযোগে মামলা করেন তাঁর বাবা তোফাজ্জল হোসেন। দীর্ঘদিনেও সন্তানের খোঁজ না পাওয়ায় পরিবারে হতাশা নেমে এসেছে।
শফিকুলের বাড়ি ধামরাইয়ের বালিথা গ্রামে। তাঁর বাবা তোফাজ্জল হোসেন একজন কৃষক। আর শফিকুল ইসলাম ধামরাই পৌর এলাকার হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর নিখোঁজের মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সম্প্রতি শফিকুলদের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ছেলে বাড়ি থেকে বের হন। এক ঘণ্টা পর তাঁর সঙ্গে মুঠোফোনে তাঁদের সর্বশেষ কথা হয়। এরপর থেকে মুঠোফোন বন্ধ রয়েছে। পুলিশের সহায়তা নিয়েও তাঁর হদিস করা যাচ্ছে না।
জানতে চাইলে তোফাজ্জল বলেন, তাঁর ছেলে কর্মস্থল আর বাড়ি ছাড়া অন্য কোথাও যেতেন না। ছাত্রজীবনেও তাঁর অসৎ কোনো বন্ধু বা সঙ্গ ছিল না। এরপরও সরলতার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে কেউ তাঁকে বিপথে নিতে পারে। তিনি বলেন, ওই মামলায় সন্দেহের বশে আলমগীর নামে তাঁদের এক প্রতিবেশীকে আসামি করা হয়েছে। তাঁর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। তাই অপহরণ ও লাশ গুমের অভিযোগে তিনি মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক বিষ্ণুব্রত মল্লিক বলেন, ‘শফিকুলের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে নেই।’