ধামরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই বাজারে গতকাল বুধবার সন্ধ্যায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন শাকিল আহমেদ (২৫), ইয়াসিন চৌধুরী (২৯) ও আবদুল আউয়াল (২৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে একদল ডাকাত একটি মাইক্রোবাসে করে এসে প্রথমে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর বাজারের প্রধান সড়কের রাজমণি জুয়েলার্সে ঢুকে দোকানমালিকসহ কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে স্বর্ণালংকার লুট করে নেয়। আবার ককটেল ফাটাতে ফাটাতে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
দোকানটির মালিক সুমন পাল বলেন, ডাকাতেরা দোকানে ঢুকেই তাঁদের মারধর করে। এ ছাড়া আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে সবার মাথা নিচু করে থাকতে বাধ্য করে। এরপর স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তাঁর ধারণা, ডাকাতেরা ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।