ধামরাইয়ে স্মার্ট কার্ডে বয়স্কভাতার টাকা বিতরণ উদ্বোধন
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, অনিয়ম-দুর্নীতি মোকাবিলা করতেই স্মার্ট কার্ডের মাধ্যমে বয়স্কভাতার টাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বয়স্কভাতার টাকা পেতে আর ঝামেলা পোহাতে হবে না। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে স্মার্ট কার্ডের মাধ্যমে বয়স্কভাতার টাকা বিতরণের পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বিগত সাত বছরে বয়স্কদের জন্য বরাদ্দ ২৩৭ কোটি টাকা বিতরণ করা হয়নি। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ধামরাই থেকে স্মার্ট কার্ড ব্যবহার শুরু করা হলো। পর্যায়ক্রমে সারা দেশে এ পদ্ধতি ছড়িয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে উপজেলার সুয়াপুর, সুতিপাড়া ও গাংগুটিয়া ইউনিয়নে এক হাজার ১৭৯টি বয়স্কভাতার স্মার্ট কার্ড তৈরির কাজ শেষ হয়েছে। এর মধ্যে সুয়াপুর ইউনিয়নের ৩৪৬ জনকে ওই কার্ডের মাধ্যমে বয়স্কভাতার টাকা দেওয়া হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শীতাংশু সেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হোসেন মোল্লা, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ আহম্মেদ, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন আহাম্মেদ প্রমুখ।