ধামরাইয়ের অপহূত ব্যবসায়ী ডিবির কাছে: ওসি
ঢাকার ধামরাই থেকে অপহূত ব্যবসায়ী রেজাউল করিমের (৩৫) সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁর পরিবার বলছে, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ গতকাল বুধবার রাত সাতটার দিকে প্রথম আলোকে জানান, ধামরাইয়ের জয়পুরা থেকে অপহূত ব্যবসায়ী রেজাউল করিম ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে রয়েছেন। ওসি বলেন, ‘রেজাউল করিম একজন প্রতারক। এ জন্য তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমাদের না জানিয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া ঠিক হয়নি।’
ওসির সঙ্গে কথা বলার পর রেজাউলের ভাই রাইমুল ইসলামের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদক কথা বলেন। এ সময় রাইমুল বলেন, তাঁর ভাইয়ের সন্ধান পাওয়ার ব্যাপারে তাঁরা কিছু জানেন না।
রেজাউলের স্ত্রী সাহেরা বেগমের করা সাধারণ ডায়েরি (জিডি) থেকে জানা যায়, রেজাউল গত সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। জয়পুরা বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন রেজাউলকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
খোঁজ নেই শিক্ষকের: ঢাকার আশুলিয়ার গোমাইল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন (৪৫) তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গত ২৩ মার্চ বাগেরহাট যান। সেখান থেকে ২৫ মার্চ চট্টগ্রামের কর্ণফুলীতে তাঁর শ্বশুরবাড়িতে যান। স্ত্রী-সন্তানদের সেখানে রেখে ২৬ মার্চ সকালে তিনি আশুলিয়ার উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আমজাদের স্ত্রী ছারবান তহুরা বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর ২৬ মার্চ বিকেলে মুঠোফোনে স্বামীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানায় তিনি জিডি করেছেন।
গোমাইল উচ্চবিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার পর কোনো পক্ষ থেকে আমজাদের পরিবারের কাছে টাকা-পয়সাও দাবি করা হয়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, ‘আমজাদ হোসেন আমার থানা এলাকা থেকে নিখোঁজ হননি। এ কারণে আমার পক্ষে তাঁর পরিবারকে কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।’