ধামরাইয়ের ইটভাটাকে জরিমানা
আইন ও শর্ত লঙ্ঘন করে ইট পোড়ানোর অভিযোগে ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়ার মেসার্স আহমদ অ্যান্ড কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরে ডেকে নিয়ে গতকাল রোববার এ জরিমানা করা হয়।প্রথম আলোয় গত ২৭ মার্চ ‘ধামরাইয়ে আইন ও শর্ত লঙ্ঘন করে পোড়ানো হচ্ছে ইট’ ও ইটভাটাগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ে পরদিন ২৮ মার্চ ‘শ্বাসকষ্টে ভুগছেন অনেকে, কমছে ফসলের উৎপাদন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। অধিদপ্তর থেকে জানা যায়, প্রথম আলোর প্রতিবেদন পড়ে ধামরাইয়ের নওগাঁও গ্রামের হাজি মান্নান ব্রিকস, বালিথা গ্রামের মেসার্স হাজি হারুন ব্রিকস, সোমভাগ ইউনিয়নের গোয়ালদি গ্রামের মেসার্স মামা ব্রিকস, কাওয়ালিপাড়ার মেসার্স আহমদ অ্যান্ড কোম্পানি ও মেসার্স ঢাকা ব্রিকস নামের পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে গতকাল রোববার অধিদপ্তরে হাজির হতে বলা হয়। মেসার্স আহমদ অ্যান্ড কোম্পানি ও হাজি হারুন ব্রিকসের মালিকেরা গতকাল অধিদপ্তরে উপস্থিত হলেও অন্যরা অনুপস্থিত ছিলেন। অধিদপ্তরের হিসাবরক্ষক মাহবুব আলম বলেন, পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহমদ অ্যান্ড কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। হারুন ব্রিকসের কাগজপত্র সঠিক থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।