ধামরাইয়ের পাঁচটি ইটভাটার মালিককে তলব
আইন ও শর্ত লঙ্ঘন করে ইট পোড়ানোর অভিযোগে ঢাকার ধামরাই উপজেলার ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে পাঁচটি ইটভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে।প্রথম আলোয় গত ২৭ মার্চ ‘ধামরাইয়ে আইন ও শর্ত লঙ্ঘন করে পোড়ানো হচ্ছে ইট’ ও ইটভাটাগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ে পরদিন ২৮ মার্চ ‘শ্বাসকষ্টে ভুগছেন অনেকে, কমেছে ফসলের উৎপাদন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম প্রতিবেদনে বলা হয়, ধামরাইয়ের বিভিন্ন এলাকার ১৫৯টি ইটভাটার মধ্যে ৮৭টিরই অনুমতি নেই। বাকি ৭২টি ইটভাটার অনুমতি থাকলেও আইন ও শর্ত লঙ্ঘন করে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে জানা যায়, ওই প্রতিবেদন দুটি প্রকাশের পর টনক নড়ে পরিবেশ অধিদপ্তরের। এরপর ধামরাইয়ের নওগাঁও গ্রামের হাজি মান্নান ব্রিকস, বালিথা গ্রামের মেসার্স হাজি হারুন ব্রিকস, সোমভাগ ইউনিয়নের গোয়ালদি গ্রামের মেসার্স মামা ব্রিকস, কাওয়ালিপাড়ার মেসার্স আহমদ অ্যান্ড কোম্পানি ও মেসার্স ঢাকা ব্রিকস নামের পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে অধিদপ্তরে তলব করা হয়। আগামী রোববার তাঁদের অধিদপ্তরে হাজির হওয়ার কথা।বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে জানান, আপাতত পাঁচটি ইটভাটার মালিককে অধিদপ্তরে তলব করা হয়েছে। রোববার শুনানির পর ভাটার মালিকদের জরিমানা করা হবে।