ধামরাইয়ের সেই তিন আবাসন প্রকল্প বহাল তবিয়তে
ঢাকার ধামরাই উপজেলার দক্ষিণপাড়া মৌজার তিনটি আবাসন প্রকল্পের দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি উদ্ধারে কোনো অগ্রগতি নেই। গত দেড় মাসেও এসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নানামুখী চাপের কারণে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ধীর গতিতে এগোচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে প্রতিবেদন পেয়ে সংশ্লিষ্ট আবাসন প্রকল্পগুলোর মালিকদের কাগজপত্রসহ আমার দপ্তরে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। আগামী ২৮ সেপ্টেম্বর আবারও তাঁদের ডাকা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো চাপের কাছেই আমি মাথা নত করব না। পর্যায়ক্রমে জমি উদ্ধারে সব আইনানুগ ব্যবস্থা নেব।’ ধামরাইয়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি উদ্ধারের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম আলোতে ধামরাইয়ের দক্ষিণপাড়া মৌজায় গড়ে ওঠা আবাসন প্রকল্প আমিন মডেল টাউন, ধানসিঁড়ি আবাসিক প্রকল্প ও বরাত নগরের বিরুদ্ধে খালসহ অর্পিত ও খাসজমি দখলসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের কাছে দেওয়া এক পত্রে এসব আবাসন প্রকল্পের দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি সম্পর্কে প্রতিবেদন চেয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে গত ২৫ আগস্ট ঢাকা জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা সরকারি ও অর্পিত সম্পত্তির তালিকা দিয়ে তা উদ্ধারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।সদ্য বদলি হয়ে যাওয়া ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সরেজমিনে তদন্ত করে শুধু আমিন মডেল টাউনের ভেতরেই সাড়ে ১৭ বিঘা (৫.৬১ একর) অর্পিত সম্পত্তির অস্তিত্ব পাওয়া যায়। জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে এসব জমি প্লট আকারে বিক্রি করা হয়েছে এবং হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলা প্রশাসন থেকে প্রতিবেদন পাওয়ার পর ঢাকার জেলা প্রশাসন থেকে আমিন মডেল টাউন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দলিলাদি ও কাগজপত্রসহ জেলা প্রশাসকের দপ্তরে উপস্থিত হতে নোটিশ পাঠানো হয়। ঈদের আগেই সশরীরে উপস্থিত হয়ে আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা সব সম্পত্তির বৈধতা প্রমাণ করতে বলা হলেও গতকাল পর্যন্ত কোনো পক্ষই জেলা প্রশাসকের দপ্তরে উপস্থিত হয়নি। তবে আগামী ২৮ সেপ্টেম্বর পুনরায় তাদের হাজির হতে বলা হয়েছে। তবে আমিন মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বানি আমিন বলেছেন, জেলা প্রশাসন থেকে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি মৌখিকভাবে সরেজমিনে জমি মাপার কথা বলেছিলেন। কিন্তু জমি মাপার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আবারও জোর দিয়ে বলেছেন, ‘আমাদের প্রকল্পের ভেতরে কোনো অর্পিত সম্পত্তি নেই। জালিয়াতির মাধ্যমে কোনো নামজারি বা দলিল করে অর্পিত সম্পত্তি বিক্রিও করা হয়নি। ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন বলেন, ‘আমিন মডেল টাউনের মালিক আমিনুল ইসলামের সঙ্গে ধামরাইয়ের ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার সখ্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে ওই নেতার সঙ্গে আমিনুল ইসলামও উপস্থিত থাকেন। আমার ধারণা, ওই নেতার প্রভাবেই জেলা ও উপজেলা প্রশাসন আমিন মডেল টাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ অর্পিত সম্পত্তি উদ্ধারে গড়িমসি করছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনিন বলেন, খুব শিগগিরই আমিন মডেল টাউন, বরাত নগর ও ধানসিঁড়ি আবাসিক প্রকল্পের ভেতরে থাকা খালসহ অর্পিত ও খাসজমি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন থেকে সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।