ধামরাইয়ের সেই বেতলাই বিলে অবৈধভাবে মাটি কাটা চলছেই
ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পাল্লী মৌজার সরকারি মালিকানাধীন ‘বেতলাই বিল’ খননের নামে অবৈধভাবে মাটি বিক্রি চলছেই। বিলসংলগ্ন অনুমোদনবিহীন একটি ইটভাটার কাছে বিলের মাটি বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে মাটি বিক্রি বন্ধে এলাকাবাসী মানববন্ধনসহ প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কোনো সুফল পাননি। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকা এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের (চতুর্থ পর্যায়) আওতায় চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তর থেকে বেতলাই বিল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের শর্তানুযায়ী বিলের অভ্যন্তরে ১৭ হাজার ৪৩ ঘনমিটার এলাকায় ১১ হাজার ১২ ঘনমিটার মাটি খননের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়। প্রতি ঘনমিটার মাটি খননের জন্য ৯১ দশমিক ১১ টাকা পারিশ্রমিকে ২০ জন পুরুষ শ্রমিকের ওই পরিমাণ মাটি খনন করার কথা থাকলেও মাটি খনন করা হয় ভেকু দিয়ে। ভেকু দিয়ে হলেও চুক্তি অনুযায়ী, মাটি খননের কাজ শেষ হওয়ার পরও মাটি কাটা বন্ধ হয়নি। এ প্রসঙ্গে ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র মণ্ডল বলেন, ‘চুক্তি অনুযায়ী খননের কাজ শেষ হয়ে গেলেও মাটি কাটা চলছেই। বিলের মালিক উপজেলা প্রশাসন হওয়ায় আমাদের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ সুযোগে অবৈধভাবে বিল খনন করে সংলগ্ন ইটভাটায় মাটির পাহাড় গড়া হচ্ছে। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি ভেকু দিয়ে বিলের মাটি খনন করা হচ্ছে। ১২টি ট্রাকে করে ওই মাটি নিয়ে ফেলা হচ্ছে বিলসংলগ্ন মেসার্স এসবি ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায়। ভেকুর কর্মচারী রহমত আলী জানান, ভাটা কর্তৃপক্ষের কথামতো তাঁরা মাটি কাটছেন। ইটভাটার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, তাঁরা ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহরাব হোসেনের কাছ থেকে মাটি কিনছেন। এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকার মাটি তাঁরা কিনেছেন। আরও মাটি তাঁরা কিনবেন। তবে সোহরাব হোসেন বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। বরং তিনি মাটি বিক্রির সঙ্গে উপজেলা প্রশাসনেরই জড়িত থাকার ইঙ্গিত দেন। তাঁর মতে, স্থানীয় প্রশাসন লাভবান না হলে নীরব থাকত না। স্থানীয় পাল্লী গ্রামের বোরহান উদ্দিন বলেন, বিল পুনর্খননের নামে বিলের মাটি লুটপাট চলছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে একটি মহল লাভবান হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি বিক্রি বন্ধে এলাকায় মানববন্ধনসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করে চলেছে।ধামরাইয়ের সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বেতলাই বিলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়ার পর মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরও মাটি কেটে থাকলে আগামী রোববারের মধ্যে ওই ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের নীরবতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘কয়েক দিন হয় আমি এখানে যোগদান করেছি। সবকিছু এখনো বুঝে উঠতে পারিনি। কোনো অন্যায় কাজের প্রশ্রয় আমার কাছে নেই।’