ধামাচাপা দিতে পুলিশের তৎপরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় দুই ব্যবসায়ীসহ এক ট্রাকচালককে পিটিয়ে আহত করার ঘটনাটি ধামাচাপা দিতে অভিযোগ প্রত্যাহারের আবেদন লিখে তাতে স্বাক্ষর নেওয়ার তদবির চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকাও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে সবজি নিয়ে ঢাকায় যাওয়ার পথে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের সিঙ্গাইরের ধল্লা এলাকায় শহীদ রফিক সেতুর কাছে পুলিশ চৌকিতে কর্মরত এসআই আদিল মাহমুদ ও এসআই রণজিৎ কুমার দাস সবজিবোঝাই পিকআপটি থামিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ওই দুই পুলিশ কর্মকর্তাসহ চার কনস্টেবল মিলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গি গ্রামের সবজি ব্যবসায়ী মো. হারুন-অর-রশিদ ও মো. একলাস উদ্দিনসহ পিকআপ-চালক শাহীনুর রহমানকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় হারুন ও শাহীনকে ওই রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় সুবিচার চেয়ে হারুন-অর-রশিদ গত সোমবার মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বিষয়টি তদন্তের দায়িত্ব দেন মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিনকে। এর পর থেকেই পুলিশ নানা কৌশলে অভিযোগ প্রত্যাহারের চেষ্টা চালাতে থাকে।ওসি মো. শফিকুল ইসলাম এসআই আদিল মাহমুদ ও এসআই রণজিৎ কুমার দাসকে নিয়ে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিন্নাডাঙ্গি গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত প্রায় ৩০০ লোকের সামনে দুই ব্যবসায়ীসহ তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনার জন্য ওসি দুঃখ প্রকাশ করেন এবং তাঁদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেন। এরপর ওসি অভিযোগ প্রত্যাহারের জন্য হাতে লেখা আবেদনপত্রে অভিযোগকারী ব্যবসায়ী হারুন-অর-রশিদকে স্বাক্ষর করতে বলেন।ওই আবেদনে উল্লেখ করা হয়, ‘গত ২৪ সেপ্টেম্বর রাতে একটি পিকআপে করে সবজি নিয়ে ঢাকা যাওয়ার পথে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া নিয়ে এসআই আদিল মাহমুদ ও এসআই রণজিৎ কুমার দাসের সঙ্গে তাঁদের বিতর্ক হয়। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে তাঁরা আঘাত পান। ঘটনাটি ভালোভাবে না জেনে এলাকার লোকজন সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহ করেন। এ কারণে ভুল তথ্যসহ পত্রিকায় সংবাদ প্রকাশ হয় এবং সাংবাদিকদের পরামর্শে না বুঝেই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করি।’স্থানীয় লোকজন জানান, বৈঠকে উপস্থিত এলাকাবাসী ওসির ওই প্রস্তাব তাৎক্ষণিক প্রত্যাহার করেন এবং হারুনকে ওই আবেদনে স্বাক্ষর করতে বাধা দেন। হারুন-অর-রশিদ জানান, অভিযোগ প্রত্যাহারের নামে তাঁকে মিথ্যা বক্তব্য লিখে, তাতে স্বাক্ষর করার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে। তিনি তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেই আগ্রহী বলে জানান।মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি মো. শফিকুল ইসলাম এসব কথা অস্বীকার করে বলেন, ‘রুটিন-ওয়ার্কের অংশ হিসেবে বৃহস্পতিবার আমি বিন্নাডাঙ্গি গ্রামে যাই এবং এলাকাবাসীর সঙ্গে বসে আলোচনা করি।’