ধামাচাপা দেওয়া যাবে না ৫ মের ঘটনা: জামায়াত
গত ৫ মে শাপলা চত্বরের ঘটনায় ভারপ্রাপ্ত আইজিপি এ কে এম শহিদুল হকের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এভাবে মিথ্যা কথা বলে ৫ মের ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। প্রকৃত সত্য একদিন অবশ্যই বেরিয়ে আসবে এবং খুনিদের বিচার এ দেশের মাটিতেই হবে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন। তাঁর দাবি, শাপলা চত্বরের অভিযান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মিথ্যা’ বক্তব্যই ভারপ্রাপ্ত আইজিপির মুখে প্রতিধ্বনিত হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, ৫ মে রাতে শাপলা চত্বর এলাকায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী লুটপাট চালিয়েছে এবং আলেমদের হত্যা করেছে। যৌথবাহিনী সে রাতে এক লাখ ৬৫ হাজার গুলি করেছে। এ সময় সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। সরকার সেই ‘গণহত্যা’ ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র করছে।