ধামের গানে জীবনের প্রতিচ্ছবি
ঠাকুরগাঁও শহর পেরিয়ে সাত কিলোমিটার উত্তরের গ্রাম দক্ষিণ বঠিনা। সবে সন্ধ্যা নেমেছে। ঝিরঝির বাতাস। আকাশে ভাসছে তুলোর মতো সাদা মেঘের রাশি। রাস্তার দুই ধারে বিস্তৃত ধানের মাঠ। প্রকৃতিতে সোনালি ধানের মাতাল করা গন্ধ। সেই মাঠ পেরিয়ে এগিয়ে চলছে বিভিন্ন বয়সী নর-নারী। সঙ্গে শিশুর দল। মনে তাদের আনন্দের শেষ নেই। দল বেঁধে কোথায় চলছেন? এ প্রশ্ন করতেই সমস্বরে উত্তর এল, ‘ধামের গাউন’ শুনতে। ‘ধামের গাউন! এটা আবার কী?’ দলের এক বয়োজ্যেষ্ঠ এগিয়ে এসে জানালেন, বাংলাদেশের উত্তরের প্রান্তিক জেলাগুলোর লোকনাট্য ধামের গান এ অঞ্চলের মানুষের কাছে ‘ধামের গাউন’ নামে পরিচিত। যেখানে পুরুষেরাই নারী চরিত্রে অভিনয় করে থাকেন।ধামের গানের অর্থ ও উৎপত্তিধাম শব্দের অর্থ নিবাস বা আশ্রয়স্থল। এ নিবাস দেব-দেবীর। অর্থাৎ ধাম বলতে ধর্মীয় স্থানকে বোঝায়। আরাধ্য দেবতাকে তুষ্ট করার উদ্দেশ্যে ধামের গানের উৎপত্তি। তবে ইদানীং ঠাকুরগাঁওয়ের ধামের গানের বিষয়বস্তু হয়ে উঠেছে মূলত এ অঞ্চলের সমাজজীবনের বাস্তবতা। সামাজিক ও পারিবারিক জীবনের নানা ঘটনা ধামের গানে তুলে ধরা হয়। হাসি-ঠাট্টা, রঙ্গরসের মাধ্যমে জীবনের তিক্ত অভিজ্ঞতাও তুলে ধরা হয় ধাম গানের পালায়। সে কারণে ধামের গান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার প্রতিচ্ছবিও হয়ে উঠেছে।কোথায় কী নামবিভাগ-পূর্ব কোচবিহার, জলপাইগুড়ি এবং পাশের জেলাগুলোতে ধামের গান জনপ্রিয় ছিল। এর ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ধামের গান ও সরীগান, দিনাজপুরের মারাঘুড়া গান, পালাটিয়া গান, পঞ্চগড়ের গুলির ধাম, হুলির ধামের গান এবং নীলফামারী জেলার দেবীর ধামের গান, লক্ষ্মীর ধামের গান নামে পরিচিত হয়ে আসছে। ভিন্ন ভিন্ন নামে এ লোকনাট্যটি পরিচিতি লাভ করলেও এর গঠনরীতি, বিষয়বস্তু ও উপস্থাপনশৈলী অনেকাংশে একই রকম।আয়োজনের সময়কালএ অঞ্চলে সাধারণত শরৎ-হেমন্তকালে ধামের গানের আয়োজন করা হয়। অনেক সময় জন্মাষ্টমী থেকে শুরু হয়ে কালীপূজায় গিয়ে শেষ হয়। এ সময় গ্রামের মানুষদের তেমন কাজ থাকে না বললেই চলে। এই অবসরটুকু তারা কাটাতে চায় উৎসব আয়োজনের মধ্য দিয়ে। পালার নামকরণ সাধারণত নায়ক-নায়িকার নামকে ঘিরেই ধামের গানের পালাগুলোর নামকরণ হয়। যেমন—আম্বলশরী-পিছলা বাউদিয়া, জলশরী-জুলুম আলসিয়া, হলদিশরী-সোনাই ফাত্রা, হীরাশরী-আজলা ইত্যাদি। অর্থাৎ দুটি নামের সমন্বয়ে এই পালাগুলোর নাম। এই নামগুলোর মধ্যে একজন নায়িকা, অপরজন নায়ক। যে নামের সঙ্গে ‘শরী’ বা ‘সোরী’ শব্দটি যুক্ত রয়েছে তা হচ্ছে নায়িকার নাম। আর যে নামের শেষে রয়েছে বাউদিয়া, ফাত্রা, আজলা ও আলসিয়া, সে নামগুলো হলো নায়কের নাম।ধামের গানের বৈশিষ্ট্যলোকনাট্য ধামের গানের বৈশিষ্ট্য হলো, এর নির্দিষ্ট কোনো রচয়িতা নেই। পালা মৌখিক ও তাৎক্ষণিকভাবে রচিত। সংলাপ সংক্ষিপ্ত, তাতে প্রধানত আঞ্চলিক ভাষাই ব্যবহূত হয়। স্থানীয় বাদ্যযন্ত্র ব্যবহূত হয়। রাতদিন একটানা অভিনয় হয়। দলগুলো নিজ তাগিদে এসে প্রতি রাতে কমপক্ষে তিন থেকে চারটি আসরে পালা পরিবেশন করে। ধামের গানের পরিবেশনায় একটি ব্যতিক্রমী দিক হলো, এখানে পুরুষেরাই নারী চরিত্রে অভিনয় করে থাকেন।দক্ষিণ বঠিনায়দক্ষিণ বঠিনার ধামের গানের আসর বসেছে ঠাকুরগাঁও-ফাঁড়াবাড়ি পাকা সড়কের ধারের পূজামণ্ডপের সামনে। প্রায় দুই ফুট মাটি উঁচু করে তৈরি করা হয়েছে চার কোণা মঞ্চ। চার কোণার জিগা গাছের সঙ্গে কাপড়ের শামিয়ানা টানিয়ে প্যান্ডেল। বাঁশের বেড়ায় মঞ্চ ঘিরে দেওয়া। মঞ্চের মাঝখানে বৃত্তাকারে বসা কুশীলবদের সঙ্গে বাদকেরা হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি, করতাল ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে অভিনয়ের পরিবেশ সৃষ্টি করছেন। কুশিলবেরা উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে অভিনয় করছেন। মঞ্চের চারপাশে দর্শক-শ্রোতারা বসে বা দাঁড়িয়ে পালা উপভোগ করছেন। আশপাশে বসে গেছে বিভিন্ন খাবারের দোকানের পসরা। সব মিলিয়ে জমজমাট পরিবেশ।‘ডাবল শ্যালো-চায়না ইরি’ নামের পালা পরিবেশন করছিল নীলফামারী থেকে আসা একটি দল। প্রেমের কাহিনি নিয়ে পালা। নায়িকা চায়না এক রূপবতী গ্রাম্যবধূ। তার স্বামী অসুস্থ। তাই সংসারের দায় তুলে নিতে হয়েছে কাঁধে। চায়না গ্রামের হাটে হাটে পিঠা বিক্রি করে। সেই আয়ে সংসার চলে। একদিন পাড়ার সুদর্শন যুবক শ্যালোর সঙ্গে চায়নার পরিচয় হয়। এক সময় তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া। চায়না-শ্যালো বেড়াতে যায় নদীর ঘাটে। এসব নিয়েই এগিয়ে চলে পালা।ধামের গান এখন লোক-উৎসবে পরিণতঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের ধামের গান দলের মাঝিল দেব বলেন, ‘গ্রামের একদল যুবক নিয়ে গানের দল গঠন করেছি। আমরা বিভিন্ন ধামে ঘুরে ঘুরে ধামের গান পরিবেশন করি। এ ছাড়া গানের দলগুলোকে নাটক পরিবেশনার ওপর প্রশিক্ষণ দিই। পালা শেষে ৪০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত সম্মানী দেওয়া হয়, যা পরিশ্রমের তুলনায় খুবই সামান্য। বিভিন্ন সমস্যার মধ্যেও শুধু প্রাণের টানেই আমরা এখনো মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’ঠাকুরগাঁওয়ের প্রবীণ শিক্ষানুরাগী ও নাট্যব্যক্তিত্ব মনতোষ কুমার দে জানান, ধামের গান এ অঞ্চলের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এর জনপ্রিয়তা বাড়ছে। কোনো সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই ধামের গান জনগণের কাছে আকর্ষণীয় উৎসবে পরিণত হয়েছে। তিনি জানান, ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় ৬০০-এর বেশি ধাম আছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ধাম ঠাকুরগাঁও সদরে। কেবল সদর উপজেলাতেই আছে ৩০০-রও বেশি ধাম। আর ঠাকুরগাঁও জেলায় বর্তমানে ধামের গানের দল রয়েছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০। এরা প্রতিবছরই বিভিন্ন ধরনের ধামের গানের পালা পরিবেশন করে লোকজীবনে বইয়ে দিচ্ছে আনন্দ।