ধার আর দানের টাকায় নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীদের অনেকেই ধার আর দানের টাকায় নির্বাচন করছেন। নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া ফরমে অর্থপ্রাপ্তি ও সম্ভাব্য ব্যয়ের খাত পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।
নয় ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৮ জন। সর্বোচ্চ সাতজন করে প্রার্থী হয়েছেন পাঙ্গাসী ও সোনাখাড়া ইউনিয়নে। পাঙ্গাসীতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করবেন। এর মধ্যে ৫০ হাজার টাকা তাঁর নিজের। বাকি দুই লাখ ধার করে ও এক লাখ টাকা দান হিসেবে জোগাড় করবেন তিনি। বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান মল্লিক ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করবেন। নিজের ২ লাখ ৫০ হাজারের সঙ্গে এক লাখ টাকা ধার করবেন তিনি। উপজেলা আওয়ামী লীগের নেতা আলমগীর কবীর খান ব্যয় করবেন ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা। তাঁর নিজের আছে এক লাখ টাকা।
সোনাখাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবু হেনা মো. মোস্তফা কামাল পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের তিন লাখ এবং বাকি দুই লাখের মধ্যে এক লাখ ধার ও এক লাখ দান হিসেবে নেবেন। বিএনপির প্রার্থী আবদুল কুদ্দুস মণ্ডল ২ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করবেন। তাঁর নিজের আছে দেড় লাখ টাকা। বাকি ১ লাখ ৪০ হাজার টাকা দান ও ধার হিসেবে পাবেন।
ব্রহ্মগাছা ইউনিয়নে ছয় প্রার্থীর পাঁচজনই ধার ও দানের টাকা নিয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের প্রার্থী গোলাম ছরওয়ার ২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের দুই লাখ বাদে বাকি টাকা ধার ও দান হিসেবে পাবেন। বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদও ২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় করবেন। তাঁর নিজের আছে ৮৫ হাজার টাকা। বাকি টাকা ধার ও দান হিসেবে পাবেন।
ধুবিল ইউনিয়নের ছয় প্রার্থীর তিনজন ধার ও দান নিয়ে নির্বাচন করছেন। বিএনপির প্রার্থী হাসান ইমাম তালুকদার তিন লাখের মধ্যে এক লাখ টাকা ধার ও দান হিসেবে নেবেন।
নলকা ইউনিয়নে ছয় প্রার্থীর মধ্যে শুধু একজন ধার ও দান নিয়ে নির্বাচন করছেন। ধামাইনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রাইসুল হাসান পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের তিন লাখ এবং বাকি দুই লাখ ধার ও দানের।
ঘুড়কা ইউনিয়নে পাঁচজনের মধ্যে দুজন ধার ও দান নিয়ে নির্বাচন করছেন। বিএনপির প্রার্থী আবু সাইদ ভুইয়া ৩ লাখ ১০ হাজার টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের দুই লাখ টাকা এবং বাকি ধার ও দানের টাকা।
চান্দাইকোনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হান্নান খান নিজের দুই লাখসহ ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করবেন। বিএনপির প্রার্থী খন্দকার শামীমুল হাসান নিজের ৩ লাখ ৩১ হাজার ৫০০ ও স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ খান নিজের ৩ লাখ ৪৯ হাজার টাকা ব্যয় করবেন। ধানগড়া ইউনিয়নে চার প্রার্থীর তিনজনই ধার ও দানের টাকা নিয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের প্রার্থী মীর ওবায়দুল ইসলাম ২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের মাত্র ৫০ হাজার টাকা। বিএনপির প্রার্থী শামসুল ইসলাম ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের ১ লাখ ২০ হাজার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মু. শামসুল হক বলেন, ‘আমাদের জনপ্রতিনিধিরা শুরুতেই অবাস্তব একটি হিসাব দাখিল করেন। প্রকৃত ব্যয় এর চেয়ে অনেক বেশি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, ইউপি নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন।