‘শুক্রবারের (২২ মার্চ) টর্নেডো আমাদের ঘরবাড়ির সঙ্গে বই-খাতাও উড়াইয়া নিয়া গেছে। আর তিন দিন পর পরীক্ষা। এই জন্য পাশের গ্রাম পাইকপাড়ার বন্ধু জুনাইদের বাড়ি গিয়ে রাতে হারিকেনের আলোতে দুইজনে একসঙ্গে শেষ প্রস্তুতি নিচ্ছি।’ গতকাল বৃহস্পতিবার কথাগুলো বলছিল টর্নেডো-দুর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী আনিছুর রহমান।তার মতো দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষার্থী প্রায় সবারই এক অবস্থা। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০১৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এতে ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো-দুর্গত ১৫টি গ্রামের শতাধিক পরীক্ষার্থী অংশ নেবে। টর্নেডোর আঘাতে এসব শিক্ষার্থীর অধিকাংশের ঘরবাড়ির চিহ্নও নেই। ঘরের টিনের চাল উড়ে গেছে, উড়ে গেছে তাদের পড়ার টেবিল এবং সেখানে থাকা বই-খাতাও। সারা দেশের এইচএসসি পরীক্ষার্থীরা যখন শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত, টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীরা তখন মরিয়া মাথা গোঁজার ঠাঁই করে নিতে; দুই বেলার খাবার জোগাড় করতে। খোলা আকাশের নিচে দিনে প্রচণ্ড রোদ, রাতে মশার উপদ্রব। গত শুক্রবার থেকে এভাবেই কাটছে তাদের দিনরাত। অবশ্য বুধবার অনেক পরিবার তাঁবু পেয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে দুর্গত এলাকার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের মাঠে কথা হয় এই কলেজের শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী নারগিস আক্তার ও সখিনা আক্তারের সঙ্গে। তারা দুজনই বলল, ধানের জমি থেকে দুটি বই খুঁজে পেয়েছি। ভেজা, ছিঁড়ে গেছে। রাতে মোববাতির আলোয় সেগুলোতেই চোখ বুলাচ্ছি। দিনে খোলা আকাশের নিচে পড়ার পরিবেশ নেই। গতকাল স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সাংবাদিকদের বলেন, চিনাইর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি বা দুটি কক্ষ খোলা থাকবে। তাঁরা ইচ্ছে করলে দিনরাতে কলেজে এসে পড়তে পারবে। প্রয়োজনে শিক্ষকেরা তাদের দিকনির্দেশনা দেবেন।দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল দুর্গত এলাকার ৭০ জন এইচএসসি পরীক্ষার্থীকে বই-খাতা ও অন্যান্য উপকরণ কেনার জন্য জনপ্রতি দেড় হাজার টাকা দিয়েছেন।আহত একজনের মৃত্যু: টর্নেডোতে আহত সদর উপজেলার দুবলা গ্রামের সুফিয়া খাতুন (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে টর্নেডো-বিধ্বস্ত এলাকায় মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে।