ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮০০ শয্যার পুরোনো ভবনে গড়ে প্রতিদিন দুই হাজারের বেশি রোগী ভর্তি থাকে। এতে ওয়ার্ড তো দূরের কথা, মেঝে বা বারান্দায়ও ঠাঁই হয় না অনেক রোগীর। যেসব রোগী অনেক কষ্টে ওয়ার্ডের মেঝে বা বারান্দায় আশ্রয় নেয়, তারাও যথাযথ সেবা পায় না। এ সমস্যা দূর করতে গত ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন। কিন্তু চিকিৎসার সরঞ্জাম ও লোকবলের অভাবে এ ভবনে কার্যক্রম শুরু করতে না পারায় রোগীদের দুর্ভোগ রয়েই গেছে।৯ মার্চ সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে প্রায় তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। ওয়ার্ডের মেঝেতে স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। এ ওয়ার্ডের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন শেরপুর থেকে আসা রোগী আবদুল বারেক (৬০)। তাঁর ছেলে মো. জাহিদ জানান, আগের দিন সন্ধ্যায় হূদেরাগে আক্রান্ত তাঁর বাবাকে এখানে ভর্তি করান। ওয়ার্ডের মেঝেতেও জায়গা না পেয়ে বারান্দায় বিছানা পেতে বাবাকে রেখেছেন। তিনি বলেন, হাসপাতালের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকলেও একজন হূদেরাগীর আরও অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে একই ওয়ার্ডের বারান্দায় আশ্রয় নেওয়া রোগী আবদুল মুন্না বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলাম। সেখানকার চিকিৎসকেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি সমস্যার ভালো চিকিৎসা হয় বলে জানালে এখানে আসি। কিন্তু এখানে এসে বিপদে পড়েছি। আমার কোনো চিকিৎসা হচ্ছে না।’১৪ নম্বর ওয়ার্ডের মতো এ হাসপাতালের আরও অনেক ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ বা তার চেয়ে বেশি রোগী আছে। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী থাকায় চিকিৎসকেরা যথাযথ সেবা দিতে পারছেন না। কথা হয় ১৪ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক মাহমুদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ধারণক্ষমতার চেয়ে এত বেশি রোগী চিকিৎসা নিতে এলে সেবা দিতে আমাদের অনেক সমস্যা হয়।’হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ৬ ,৭ ও ৮ মার্চ এখানে যথাক্রমে ৩২১, ২৫৩ ও ২৯০ জন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন যারা ভর্তি হয়, তাদের অনেককে সাত-আট দিন হাসপাতালে থাকতে হয়। তাই প্রতিদিন এখানে গড়ে ১৮০০ থেকে ২০০০ রোগী থাকে। হাসপাতালটিতে ২১৯ জন চিকিৎসা কর্মকর্তা ও ২০০ জন শিক্ষানবিশ চিকিৎসক আছেন। ৫০০ শয্যার নতুন ভবনে ছয়টি অস্ত্রোপচার কক্ষ করা হবে। এ ছাড়া এখানে একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), একটি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও একটি রেডিওলজি বিভাগ করা হবে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফসিউর রহমান প্রথম আলোকে জানান, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও লোকবলের অভাবে ৫০০ শয্যার ভবনে রোগী স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসকসহ বিভিন্ন পদে ৩৩৫ জন লোক চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।