ধারণক্ষমতার চার গুণ বন্দী, দুর্ভোগ পদে পদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ কারাগারে ধারণক্ষমতার চার গুণ বন্দী রাখা হয়েছে। সম্প্রতি পুলিশের বিশেষ অভিযান চলাকালে জেলার ১৩ উপজেলা থেকে অনেক লোককে গ্রেপ্তার করা হয়। এতে কারাগারে বন্দীর সংখ্যা বেড়ে যায়। এতে বন্দীদের ঘুমানো, গোসল করাসহ প্রতিদিন নানা কাজে সমস্যায় পড়তে হচ্ছে।
কিশোরগঞ্জ কারা কর্তৃপক্ষের দাবি, বন্দীর সংখ্যা বাড়লেও কারা ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই। বন্দীরা কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাচ্ছেন।
জেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ কারাগারে বন্দী ধারণক্ষমতা ২৪৫ জন। এর মধ্যে ২৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। গত সোমবার পর্যন্ত বন্দী ছিল ১ হাজার ৪২ জন। এর মধ্যে ১ হাজার ৩ জন পুরুষ এবং ৩৯ জন নারী। যা ধারণক্ষমতার চার গুণেরও বেশি। এসব বন্দীকে নানা ধরনের সেবা দেওয়ার জন্য লোকবল রয়েছে ৬০ জন।
জামিনে বের হয়ে আসা কয়েকজন আসামি জানান, আগে থেকেই কারাগারে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী ছিল। সম্প্রতি পুলিশের বিশেষ অভিযানে এ সংখ্যা আরও বৃদ্ধি পায়। ফলে বন্দীদের দুর্দশা আরও বেড়েছে। হাজতিদের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি কক্ষে পালাক্রমে ঘুমাতে হচ্ছে। একই অবস্থা কিশোর, ডিভিশন ও মহিলা ওয়ার্ডগুলোর। বন্দীরা অভিযোগ করেন, টাকা দিলে ঘুমানোর জায়গা মেলে। অন্যথায় রাতে ঘুমানো সম্ভব হয় না। শৌচাগারও পর্যাপ্ত নয়। দিনে ব্যবহারের জন্য শৌচাগার রয়েছে মাত্র ১৮টি। আর রাতে ব্যবহারের জন্য রয়েছে মাত্র ১৬টি। শৌচাগারে যেতে সব সময় লম্বা লাইন থাকে।
খাবার নিয়েও রয়েছে অসন্তোষ। প্রত্যেক বন্দীর বিপরীতে খাবার বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তবে বন্দী যত বাড়ছে খাবারের মান ততই খারাপ হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক জামিন পাওয়া কয়েক ব্যক্তি জানান, জেলখানার ভাত দুর্গন্ধযুক্ত। ডাল ও সবজি মুখে দেওয়া যায় না। যেসব বন্দীর হাতে টাকা থাকে, তাঁরা অন্য খাবার কেনেন। আর বাজারমূল্যের চেয়ে সেখানে সবকিছুর দাম বেশি।
কিশোরগঞ্জ কারাগারের জেলার মুহাম্মদ বাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্দী বেশি হওয়ায় কিছুটা সমস্যা তো হবেই। তবে তা সামলে নেওয়া হচ্ছে। জেলকোড অনুযায়ী যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তার সবটুকুই দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’