শরীয়তপুরে জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে চার-পাঁচ গুণ বন্দী রাখা হচ্ছে। স্বজনদের দাবি, বন্দীরা কারাগারের ভেতরে মানবেতর জীবন যাপন করছেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, ১৯৭৭ সালে শরীয়তপুর শহরে ১২ একর জায়গার ওপর উপকারাগার নির্মাণ করা হয়। ১০০ বন্দীর ধারণক্ষমতার উপকারাগারটি পরের বছর যাত্রা শুরু করে। ১৯৮৪ সালে জেলা কারাগারে উন্নীত করা হয়। তখন কারাগারে তিনটি একতলা ভবনে তিনটি ওয়ার্ড নির্মাণ করা হয়। একেকজন বন্দীর জন্য ৩৬ বর্গফুট জায়গা বরাদ্দ করে ৩টি ওয়ার্ডে ১০০ জনকে রাখার কথা। কিন্তু বর্তমানে কারাগারে বন্দী আছেন ৪০০ থেকে ৫০০ জন। তা ছাড়া কারাগারে ডিভিশন পাওয়া আসামিদের জন্য কোনো আলাদা ওয়ার্ড বা ভবন নেই। সাজাপ্রাপ্ত আসামিদের (কয়েদি) রাখার জন্যও কোনো আলাদা ব্যবস্থা নেই। তাঁদেরও হাজতিদের সঙ্গে রাখা হচ্ছে।
কারাগারে ১০ শয্যার একটি হাসপাতাল ভবন থাকলেও কোনো চিকিৎসক নেই। আসামিদের চিকিৎসার প্রয়োজন হলে অন্য কারাগারে পাঠাতে হয়। কারারক্ষী ও জেল সুপারের বাসভবন নেই। কারাগারের সীমানার বাইরে তাঁদের ভাড়া করা বাসায় থাকতে হয়।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বালিয়াকান্দি গ্রামের আবদুল মান্নান সরদার একটি মামলায় চার মাস ধরে জেলা কারাগারে আছেন। গত বৃহস্পতিবার তাঁর ভাই নুরুল ইসলাম সরদার তাঁর সঙ্গে দেখা করতে আসেন। মান্নানের বরাত দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, কারাগারের ভেতরে আসামিদের থাকতে অনেক কষ্ট হচ্ছে। একজনের জায়গায় চার-পাঁচজন গাদাগাদি করে থাকছেন। রাতে তাঁরা পালা করে ঘুমান।
জেলা কারাগারের সুপার আবু ফাতাহ বলেন, উপকারাগারের অবকাঠামো দিয়েই চলছে জেলা কারাগারের কার্যক্রম। কারাগারের ভেতরে আসামিরা মানবেতর জীবন যাপন করছেন। অবকাঠামো ও মৌলিক সুযোগ-সুবিধার সংকট তীব্র আকার ধারণ করেছে। এই মুহূর্তে কারাগারের ভেতরে কমপক্ষে চারটি বহুতল ভবন নির্মাণ করা প্রয়োজন। কয়েকবার গণপূর্ত বিভাগ থেকে মাপজোক করা হয়েছে। কিন্তু ভবন আর নির্মাণ হচ্ছে না।
গণপূর্ত বিভাগের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, দেশের প্রায় সব কটি জেলা কারাগারের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কিন্তু শরীয়তপুরেই একমাত্র নির্মাণের পর আর কোনো উন্নয়ন হয়নি। কারাগারের ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।