কিশোরগঞ্জ জেলা কারাগারে ধারণক্ষমতার চার গুণ বেশি বন্দী রয়েছেন। ২৪০ পুরুষ বন্দীর জায়গায় আছেন এক হাজার ২৭ ও তিনজন নারী বন্দীর স্থলে আছেন ৫৪ জন। আর নারী বন্দীদের সঙ্গে আছে এক থেকে পাঁচ বছর বয়সী আট শিশু। মায়ের সঙ্গে আসা এসব শিশুকে থাকতে হচ্ছে দাগি আসামিদের সঙ্গে। গত রোববার কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সরকারি ও বেসরকারি কারা পরিদর্শক দল সরেজমিনে পরিদর্শনে গিয়ে বন্দীদের সঙ্গে কথা বলে। পরিদর্শক দলের একাধিক সদস্য জানান, জেলা কারাগারে একটি তিনতলা ভবনে পুরুষ বন্দীদের জন্য তিনটি ওয়ার্ড ও পুরোনো একতলা ভবনে তিনটি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৪০ জন করে বন্দী থাকার কথা। কিন্তু পাঁচটি ওয়ার্ডে এখন বন্দী রয়েছেন এক হাজার ২৭ জন।এ ছাড়া নারীদের জন্য আলাদা একটি ওয়ার্ড রয়েছে। সেখানে তিনজন বন্দী থাকার কথা থাকলেও আছেন ৫৪ জন। ওই ওয়ার্ডে বন্দী মায়েদের সঙ্গে এক থেকে পাঁচ বছরের আট শিশু রয়েছে। কারাগারে শিশু-কিশোরদের জন্য পৃথক কোনো ওয়ার্ড নেই। ফলে শিশুরা তাদের মায়েদের সঙ্গে থাকছে একই ওয়ার্ডে, যেখানে আছে দাগি আসামিরাও।বেসরকারি পরিদর্শক সাকাউদ্দিন আহম্মদ রাজন জানান, জায়গার সংকুলান না হওয়ায় বন্দীরা রাতের বেলা পালা করে ঘুমান। অনেকেই জেগে থেকেই রাত কাটিয়ে দেন। নতুন কারাগার নির্মিত না হলে বন্দীদের কষ্ট থেকেই যাবে। তাই দ্রুত নতুন কারাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি।কারাধ্যক্ষ মো. জান্নাতুল ফরহাদ জানান, বন্দীদের অতিরিক্ত চাপে বর্তমানে ২ নম্বর ওয়ার্ডের বারান্দায় গ্রিল লাগিয়ে খুলে দেওয়া হয়েছে। সেখানে অনেক বন্দী থাকতে পারছেন।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, বন্দীদের দুর্ভোগের কথা জানা আছে। নতুন কারাগার নির্মাণের কাজ চলছে। নতুন কারাগার নির্মাণ করা হলে বন্দীদের সমস্যা লাঘব হবে।গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে ৫০ কোটি টাকায় একটি আধুনিক কারাগার নির্মাণকাজ হাতে নেওয়া হয় ১৯৯৯ সালে। গত ১৪ বছরে মাত্র ২৫ ভাগ সম্পন্ন হয়েছে। জেলা শহরের অদূরে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের মোল্লাপাড়ায় ২৮ একর জমির ওপর কারাগারটি নির্মাণ করা হচ্ছে। ২০০২ সালের প্রথম দিকে ২৮ একর জমির সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সীমানাপ্রাচীর নির্মাণের পর কাজ বন্ধ ছিল। এরপর গত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাওয়ার্দী জানান, ১৪ বছরে মাত্র ২৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এভাবে বরাদ্দ দেওয়া হলে আধুনিক কারাগারটি নির্মাণ করতে আরও পাঁচ বছর লেগে যাবে।