জানুয়ারি মাস থেকে গাইবান্ধা জেলা কারাগারে ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি বন্দী রাখা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় বন্দীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
জেলা কারাগার কার্যালয় সূত্র জানায়, এই কারাগারে ধারণক্ষমতা ২০০ জন। গাইবান্ধা জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মাসুদুর রহমান বলেন, সাধারণত এখানে ৪০০ থেকে ৫০০ জন বন্দী থাকেন। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ৭৭৯ জন বন্দী ছিলেন। তাঁদের মধ্যে সাজাপ্রাপ্ত ১৮০ জন এবং হাজতি ৫৯৯ জন। মোট বন্দীর মধ্যে নয়জন নারী আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নাশকতার অভিযোগে গাইবান্ধা জেলায় ৬৬০ জন গ্রেপ্তার হয়। এ সময়ের মধ্যে অনেকে জামিনে ছাড়া পান।
জেলা কারাগার কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত বন্দী জেলে থাকায় নানা সমস্যা দেখা দিয়েছে। বন্দীদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের এক ব্যবসায়ী বলেন, গত ২৬ ফেব্রুয়ারি এক আত্মীয়কে দেখতে তিনি কারাগারে যান। সেই আত্মীয় তাঁকে বলেন, দিনের বেলা যেমন-তেমন করে পার করা যায়, কিন্তু রাতে ঘুমানোর জায়গা হচ্ছে না। বসে থেকে রাত কাটিয়ে দিতে হচ্ছে। কারাধ্যক্ষও আবাসন সমস্যার কথা স্বীকার করেন।
আরেকজন বন্দীর আত্মীয় জানান, অনেক বন্দী রাতে পালা করে ঘুমান। গোসলখানা ও বাথরুমে সারাক্ষণই ভিড় লেগে থাকে।
কারাগার কার্যালয়ের এক নিরাপত্তাকর্মী বলেন, ২০০ জন বন্দীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত লোকবল দিয়ে ৭৭৯ জনের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে।
বন্দীদের সঙ্গে দেখা করতে কারাগার কর্তৃপক্ষ টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে পলাশবাড়ী উপজেলার একজন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তিনি কারাগারে যান। অনেক সময় অপেক্ষার পর এক কারারক্ষী ৫০ টাকা নিয়ে দেখা করার ব্যবস্থা করে দেন। তবে কারাধ্যক্ষ বলেন, বন্দীদের সঙ্গে দেখা করতে গেলে কারও কোনো টাকা দেওয়া লাগে না।
তবে তিনজন দর্শনার্থী বলেন, তাঁদের কাছে থেকেও ২০ থেকে ৫০ টাকা নেওয়া হয়েছে। বেশি টাকা দিলে কারাগারের দপ্তরে আলাদাভাবে সামনা-সামনিও দেখা করার সুযোগ পাওয়া যায়। এভাবে দেখা করতে ২০০ থেকে ৩০০ টাকা নেওয়া হয়।