কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দীরা ঠাসাঠাসি করে থাকছে। এক হাজার ৬৮৭ আসনের বিপরীতে সেখানে বর্তমানে অবস্থান করছে দুই হাজার ৯১২ জন বন্দী। তার ওপর জনবল-সংকটের কারণে বন্দীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নেই নারী বন্দীদের জন্য ডিভিশনের ব্যবস্থাও। এ অবস্থায় ২১৯ বছরের পুরোনো কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ প্রথম আলোকে জানান, ১৭৯২ সালে শহরের ছোটরা এলাকার ৬৭ দশমিক শূন্য ৮ একর জায়গা নিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই কারাগারের পেরিমিটার ওয়ালের ভেতরে ৩০ দশমিক ৯৬ একর এবং ওয়ালের বাইরে ৩৬ দশমিক ১২ একর জায়গা রয়েছে। কারাগারের ভেতরের পাকা ও সেমিপাকা ১৩টি ভবনে গত বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত দুই হাজার ৯১২ জন বন্দী ছিল। এখানে পুরুষ বন্দীর ধারণক্ষমতা এক হাজার ৬৫১ জন। কিন্তু রয়েছে দুই হাজার ৮০২ জন। নারী বন্দীর আসনসংখ্যা ৩৬, থাকছে ১১০ জন। এখানে নারীদের জন্য কোনো ধরনের ডিভিশন ওয়ার্ড নেই। কারাগারে থাকা বন্দীদের মধ্যে হাজতির সংখ্যা এক হাজার ৮১৪ জন, কয়েদির সংখ্যা এক হাজার ৮৭ জন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬৬ জন, বিদেশি বন্দী ১১ জন। ফাঁসির আসামিদের মধ্যে ৬৩ জন পুরুষ ও তিনজন নারী। বিদেশি বন্দীদের মধ্যে সাতজন মিয়ানমারের ও চারজন ভারতের। বর্তমানে এ কারাগারে ডিভিশন পাওয়া আসামি রয়েছেন ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি উইং কমান্ডার সাহাবউদ্দিন। কারাগারে এখন কোনো কিশোর বন্দী নেই। তবে মায়েদের সঙ্গে ২৪টি শিশু রয়েছে। এর মধ্যে ১১ জন ছেলে ও ১৩ জন মেয়ে। এদিকে কারাগারের ৪৮৮টি পদের মধ্যে ৭২টি পদই শূন্য। কারাগারের উপ-তত্ত্বাবধায়কের একটি পদই শূন্য, ডেপুটি জেলারের সাতটি পদের মধ্যে তিনটি, কারা সহকারী তথা মুদ্রাক্ষরিকের সাতটি পদের মধ্যে পাঁচটিই শূন্য, প্রধান কারারক্ষীর ২০টি পদের মধ্যে চারটি শূন্য, কারারক্ষীর ৪২৬টি পদের মধ্যে ৫৪টি শূন্য, উপসহকারী সার্জনের একটি পদই শূন্য এবং অন্য চারটি পদ খালি রয়েছে। তা ছাড়া কারাগারের পুরোনো জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে গেছে। একটু বৃষ্টি হলেই ছাদ ও টিনের চালের ফুটো দিয়ে পানি পড়ে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জামিল আহমেদ চৌধুরী বলেন, ‘দেশের সব কারাগারেই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রয়েছে। কুমিল্লায়ও একই অবস্থা। লোকবল-সংকটের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা এলে আমরা কেবল বাস্তবায়ন করে থাকি।’