ধারণক্ষমতার ছয় গুণ বেশি বন্দী সিরাজগঞ্জ কারাগারে
২০০ জন ধারণক্ষমতার সিরাজগঞ্জ জেলা কারাগারে বর্তমানে প্রায় ছয় গুণ বেশি হাজতি-কয়েদি আছেন। এ কারণে আবাসন-সংকটে মানবেতর জীবন যাপন করছেন কয়েদি-হাজতিরা। তাঁদের গাদাগাদি করে সেখানে বসবাস করতে হয়। কারাগার সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে সিরাজগঞ্জ মহকুমা থেকে জেলায় উন্নীত করার পর আগের উপকারাগারটি কারাগারে রূপান্তর করা হয়। বর্তমানে কারাগারে ৮০ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। কারাগারের দুটি ভবনে মোট ১৮০ জন পুরুষ ও ২০ জন নারীর থাকার ব্যবস্থা রয়েছে। বর্তমানে এখানে ৪৮২ জন হাজতি এবং ৬৭০ জন কয়েদি আছেন। কারাগারে ২২টি শৌচাগার রয়েছে। শৌচাগার ব্যবহারে প্রতিদিন ভোর থেকে দীর্ঘ লাইন ধরতে হয়।কারাগারের হাসপাতালে কোনো চিকিৎসক নেই। একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে এই হাসপাতাল। সিভিল সার্জনের কার্যালায়ের চিকিৎসা কর্মকর্তা শরিফুল ইসলামকে এই হাসপাতালের অতিরিক্তি দায়িত্ব দেওয়া হলেও তিনি যথানিয়মে হাসপাতালে যান না।এ ব্যাপারে শরিফুল ইসলাম জানান, সিভিল সার্জনের কার্যালয়ে নানা কাজে তাঁকে ব্যস্ত থাকতে হয়। এ কারণে হাসপাতাল থেকে জরুরিভাবে ডাক পড়লেই কেবল তিনি সেখানে যান। জেল সুপার মোকামেঞ্চল হোসেন জানান, আবাসন সমস্যা নিরসনে কারা ভবন দুটি বহুতল করার বিষয়ে জেলা প্রশাসকসহ গণপূর্ত বিভাগকে বারবার চিঠি দেওয়া হলেও কাজ হয়নি। স্থায়ীভাবে একজন চিকিৎসক নিয়োগের ব্যাপারেও অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। যে কারণে সবাইকে কষ্ট করেই থাকতে হচ্ছে।জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, প্রতি মাসে একবার করে কারাগার পরিদর্শন করা হয়। এসব সমস্যাসহ ভবন নির্মাণের বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো বরাদ্দ আসেনি।