ফেনী জেলা কারাগারে বর্তমানে বন্দী আছেন ধারণক্ষমতার পাঁচ গুণ বেশি।
কারাগার সূত্র জানায়, ফেনী কারাগারে বন্দী ধারণক্ষমতা ১৭২ জন। অথচ গতকাল মঙ্গলবার ছিলেন ৮১৮ জন বন্দী, যা ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ।
কারাগার সূত্র জানায়, কারাগারে মাত্র দুজনের একটি নারী ওয়ার্ডে বর্তমানে আছেন ১৮ জন। সঙ্গে আছে তিনটি শিশু। এ ছাড়া বন্দীদের মধ্যে রয়েছেন আটজন বিদেশি নাগরিক। তাঁদের চারজন নাইজেরিয়ার নাগরিক ও চারজন ভারতীয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য কারামুক্ত এক ব্যক্তি বলেন, কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দী হওয়ায় গাদাগাদি করে রাখা হয়। গরমে বন্দীরা অতিষ্ঠ। এ ছাড়া ঠিকমতো গোসলও করা যেত না।
তবে জেলার শংকর কুমার মজুমদার বলেন, কারাগারে পানির কোনো সমস্যা নেই। বন্দীরা দিনের যেকোনো সময় তাঁদের সুবিধামতো গোসল করতে পারেন। বন্দীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল ভবনেও সাধারণ বন্দীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, নতুন কারাগার ভবনের নির্মাণকাজ শেষ হলে বন্দীদের রাখার সমস্যা কিছুটা লাঘব হতে পারে।
২০১২ সালে নতুন কারাগার নির্মাণকাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে সময় লাগবে আরও দুই বছর। গণপূর্ত বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান জানান, ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামে সাত একর জমির ওপর নতুন কারাগার নির্মাণের কাজ চলছে। এতে ব্যয় হবে ৩৮ কোটি টাকা। ২০১৮ সালের জুনের মধ্যে নতুন কারাগারের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। নতুন কারাগার ভবনে ৩০০ জন বন্দীর থাকার ব্যবস্থা করা হবে।