ঈদে কর্মস্থলমুখী মানুষকে অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে ফিরতে হচ্ছে। গতকাল শুক্রবার ঈদের পঞ্চম দিন বরগুনা ও আমতলী লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লঞ্চগুলোতে ধারণক্ষমতার পাঁচ গুণেরও বেশি যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করতে দেখা গেছে।
লঞ্চ কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমতলী-ঢাকা পথে এমভি হাসান হোসেন, এমভি ইয়াদ ও এমভি সুন্দরবন-৫ নামের তিনটি লঞ্চ চলাচল করে। ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত এমভি আচল, জলতরঙ্গ ও মানিক-৫ নামে আরও তিনটি লঞ্চ এর সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু এসব লঞ্চে ঈদের অন্তত পাঁচ দিন আগে থেকেই ধারণক্ষমতার পাঁচ গুণেরও বেশি যাত্রী ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
প্রিন্স অব হাসান-হোসেন-১ লঞ্চে ধারণক্ষমতা ৩৪২ জন। কিন্তু লঞ্চটি গতকাল দুপুরে অন্তত ১ হাজার ৩০০ যাত্রী নিয়ে আমতলী ত্যাগ করে। লঞ্চটি মাঝপথে আরও অন্তত সাতটি ঘাট থেকে যাত্রী তুলবে। সকাল ১০টার মধ্যে লঞ্চটির নিচতলা, দোতলার বেশির ভাগ যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়। দুপুর ১২টার মধ্যে লঞ্চটির ছাদ, কেবিনের হাঁটার পথ, সামনের অংশসহ সবখানে যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়। একই অবস্থা এমভি আচলেও। ওই লঞ্চটির ধারণক্ষমতা ৩৯৬ জন। কিন্তু সেখানে ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ যাত্রী বহন করে ঢাকার উদ্দেশে ঘাট ছেড়েছে।
বরগুনা-ঢাকা পথে ছেড়ে যাওয়া আল্লাহর মর্জি, যুবরাজ-২, আঁচল লঞ্চগুলোতেও গতকাল তিল ধারণের ঠাঁই ছিল না। এ ছাড়া ডেকে, ছাদে যাত্রীতে ঠাসা ছিল।
যাত্রীদের অভিযোগ, ঈদ উপলক্ষে এসব পথে ভাড়া বাড়িয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
আমতলী-ঢাকা পথে আগে প্রথম শ্রেণির কেবিনে ভাড়া ছিল এক হাজার থেকে দুই হাজার টাকা এবং ডেকের যাত্রীদের ভাড়া ছিল ৩০০ টাকা। ঈদের আট দিন আগে কোনো কারণ ছাড়াই সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা, ডাবল কেবিন ২ হাজার ৪০০ টাকা এবং ডেকের ভাড়া ৩৫০ টাকা আদায় করা হয়। তা এখনো অব্যাহত আছে। এ ছাড়া এ ঘাটে দ্বিগুণ হারে টোল আদায় করা হচ্ছে। আগে জনপ্রতি টোল ছিল ৫ টাকা, এখন নেওয়া হচ্ছে ১০ টাকা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের মো. নামির উদ্দিন বলেন, ‘অতিরিক্ত যাত্রী হয়ে প্রিন্স অব হাসান-হোসেন-১ লঞ্চে ঢাকায় যাচ্ছি। করার তো কিছু নেই। শনিবার কাজে যোগ দিতে হবে। জানি না নিরাপদে ঢাকায় পৌঁছাতে পারব কি না।’
তালতলীর কচুপাত্রা গ্রামের কামাল মিয়া বলেন, এমনিতেই লঞ্চের অতিরিক্ত যাত্রী, তার ওপর অতিরিক্ত ভাড়া-টোল গুনতে হচ্ছে। তার ওপর ১০০ টাকা দিয়ে বসার জায়গা কিনতে হয়েছে। ঝুঁকি আছে কিন্তু উপায় নেই, কর্মস্থলে যেতে হবে।
প্রিন্স অব হাসান-হোসেন-১ লঞ্চের পরিদর্শক আকবর হোসেন অতিরিক্ত যাত্রী নেওয়া ও ভাড়া আদায়ের কথা অস্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বেশি। তাই নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে আমতলী ঘাট ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা করেছেন।
আমতলী লঞ্চঘাটের টিকিট আদায়কারী মো. বিল্লাল হোসেন দ্বিগুণ টোল আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা নির্ধারিত হারেই টোল আদায় করছি।’
বিআইডব্লিউটিএর বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনের বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।