ধারণক্ষমতার পাঁচ গুণের বেশি বন্দী, নানা দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দীর ধারণক্ষমতা ১০০ জন। বর্তমানে পাঁচ শতাধিক বন্দী আছেন। ধারণক্ষমতার পাঁচ গুণের বেশি এই বন্দীদের প্রাত্যহিক জীবনে আবাসনব্যবস্থাসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলা কারাগার ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ পৌর এলাকার নারাঙ্গাই এলাকায় জেলা কারাগারটিতে ১০০ বন্দীর ধারণক্ষমতা রয়েছে। এর মধ্যে ৯০ জন পুরুষ ও ১০ জন নারী বন্দীর থাকার ব্যবস্থা রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত মানিকগঞ্জে চার শতাধিক আসামি গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গত ৫ জানুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬৭ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার কারাগারটিতে ৫১৫ জন বন্দী ছিলেন। তাঁদের মধ্যে কয়েদির সংখ্যা ১১০ জন এবং হাজতির সংখ্যা ৪০৫ জন।
জানা যায়, ১০ দিন ধরে নাশকতার মামলায় শামীম হোসেন নামের এক হাজতি কারাগারে আছেন। তিনি বলেন, কারাগারে যে সেবা পাওয়ার কথা, অতিরিক্ত বন্দীর কারণে তা পাওয়া যাচ্ছে না। সেলে আসনসংখ্যা সীমিত থাকায় ফ্লোরে গাদাগাদি করে থাকতে হচ্ছে। গোসল ও চিকিৎসাসেবা পেতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
তবে এ ব্যাপারে জেল সুপার মো. কামরুল ইসলাম দাবি করেন, ধারণক্ষমতার পাঁচ গুণ বেশি বন্দী থাকলেও তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে ছয় শতাধিক বন্দী হলে আবাসনব্যবস্থার সমস্যা হতে পারে।
কারাগার প্রাঙ্গণে রাশেদ মিয়া নামের এক হাজতির মামা জানান, তাঁর ভাগনে সদর উপজেলার একটি টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও তাঁর ভাগনের বিরুদ্ধে যানবাহনে অগ্নিসংযোগের মামলা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সহসভাপতি জামিলুর রশিদ খান অভিযোগ করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছিল। এবারও ৫ জানুয়ারি থেকে পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে। তিনি দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তার’ বন্ধের দাবি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নাশকতা বন্ধ করা এবং জনগণের নিরাপত্তা রক্ষা করা পুলিশের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তদন্তসাপেক্ষ নাশকতাকারীদের বিরুদ্ধে মামলা এবং তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। কারও বিরুদ্ধে কোনো মিথ্যা কিংবা হয়রানিমূলক মামলা করার বিষয়টি সঠিক নয়।