ধারণক্ষমতার বেশি যাত্রী বহন ও বাড়তি ভাড়া আদায়
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন-ছেঁড়াদিয়া নৌপথে ট্রলার ও স্পিডবোটগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্র ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পথে প্রতিদিন ২০-৩০টি ট্রলার ও স্পিডবোট চলাচল করে। সেন্ট মার্টিন থেকে ছেঁড়াদিয়ার দূরত্ব সাড়ে আট কিলোমিটার। জনপ্রতি ১২০ টাকা করে ভাড়া আদায় করা হয়। ট্রলারগুলোতে ৩০ থেকে ৪০ জন ধারণক্ষমতা থাকলেও ওঠানো হয় ৮০ থেকে ১২০ জন যাত্রী। স্পিডবোটগুলোতে ১০ জনের জায়গায় যাত্রী ওঠানো হয় ১৫ থেকে ২০ জন। এই অবস্থায় বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। যাত্রীদের ওঠা-নামার জন্য উপযুক্ত ব্যবস্থাও নেই। গত মঙ্গলবার সকালে কাঠের তৈরি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার থেকে নামার সময় নৌকা উল্টো তিনজন পর্যটক সাগরে পড়ে যান, যদিও তাঁদের দ্রুত উদ্ধার করা হয়।ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা পর্যটক মাহমুদুর রহমান ও কবির আহমদ অভিযোগ করেন, গত বছর জনপ্রতি ৫০ টাকায় টিকিট কেটে তাঁরা ট্রলারে করে ছেঁড়াদিয়ায় গিয়েছিলেন। এবার ট্রলারে যেতে টিকিট কাটতে হচ্ছে ১২০ টাকায়। ট্রলারে ১০৮ জন যাত্রী ওঠানো হলে তাঁরা কয়েকজন আপত্তি করেন। কিন্তু ট্রলারের মাঝি এ সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিমউদ্দিন বলেন, স্পিডবোট ও ট্রলারগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায় থেকে বিরত থাকতে ও ভাড়ার তালিকা টানিয়ে রাখতে বলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নেজামী বলেন, আট কিলোমিটার দূরত্বের ভাড়া সর্বোচ্চ ৮০ টাকা হতে পারে। সেন্ট মার্টিন-ছেঁড়াদিয়া নৌপথের ট্রলার মালিক সমিতির সভাপতি আমির হোসেন অতিরিক্ত যাত্রী ওঠানোর অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিন এ রুটে ২০-৩০টি ট্রলারে করে দুই-তিন হাজার পর্যটক যাতায়াত করেন। জনপ্রতি ১২০ টাকা ভাড়া আদায় করার অভিযোগটি তিনি স্বীকার করেন। সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এ কে চক্রবর্তী বলেন, দ্বীপে আসা পর্যটকদের নিরাপদে ওঠা-নামার ক্ষেত্রে সেন্ট মার্টিন জেটিঘাটে তাঁরা কাজের তদারক করছেন। কিন্তু ছেঁড়াদিয়ায় সে ব্যবস্থা নেই।