ধারণাগত জ্যেষ্ঠতা পাওয়া সাত পুলিশ কর্মকর্তার বিষয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় পদোন্নতি পাওয়া পুলিশের সাতজন সহকারী কমিশনারের ধারণাগত জ্যেষ্ঠতা দিয়ে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এ রুল দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও শেখ উবায়দুর রহমান। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সাতজন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্প্রতি হাইকোর্টে এ রিট আবেদনটি করেন ২৮তম বিসিএসে পুলিশ ক্যাডারভুক্ত ১৮০ জনের মধ্যে ৬০ জন কর্মকর্তা। এই ৬০ জন রাজধানীতে পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত আছেন। আর পুলিশের যে সাতজন সহকারী কমিশনারের ধারণাগত জ্যেষ্ঠতা চ্যালেঞ্জ করা হয়েছে তাঁরা হলেন এস এম শিবলী নোমান, আবদুল হানিফ, ফোরকান সিকদার, আবদুল হান্নান, এস এম সফিউল আযম, শাহরুম খান ও আবদুর রশীদ। ২৮তম বিসিএস ক্যাডারভুক্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।