দীর্ঘ দুই বছর তদন্তের পরও চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী দেবী খুনের কোনো কিনারা করতে পারেনি পুলিশ। কারা কেন, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি। শনাক্ত করা যায়নি হত্যাকাণ্ডে অংশ নেওয়া চার যুবককে। জঙ্গিগোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন ধারণার বাইরে মামলার তদন্তে বলার মতো আর কোনো অগ্রগতি নেই।
আজ ১০ জানুয়ারি অঞ্জলী রানী হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হচ্ছে। ২০১৫ সালের এই দিনে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের তেলিপট্টি এলাকার নিজ বাসার গলির মুখে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নার্সিং কলেজে যাওয়ার জন্য তিনি সেদিন সকালে বাসা থেকে বের হয়েছিলেন। এ ঘটনায় তাঁর স্বামী চিকিৎসক রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় যুবকদের আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। দুই দিন পর মামলাটি চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে।
শুরু থেকে মামলাটির তদন্ত করছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী। তিনি প্রথম আলোকে বলেন, হত্যার ধরনে মনে হচ্ছে, কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত থাকতে পারে। এখনো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। সব বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর জড়িত সন্দেহে পটিয়ার জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সাবেক ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ রেজাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁর কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তিনি জামিনে আছেন।
তদন্ত কর্মকর্তা বলেন, ব্লগার হত্যার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে। তবে কোনো জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। নার্সিং কলেজে হিজাব পরা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে জঙ্গিগোষ্ঠী এ ঘটনা ঘটাতে পারে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁধে ব্যাগ নিয়ে চার যুবক হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। ওই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে অঞ্জলীকে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, অঞ্জলী হত্যার তদন্তে এখনো কোনো অগ্রগতি না থাকলেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
কলেজে হিজাব পরা নিয়ে যে আন্দোলন হয়, তাতে নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষার্থী (বর্তমানে সাবেক) সুফিয়া সুলতানা। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘হিজাব নিয়ে ২০১২ সালে কলেজে আন্দোলন হয়েছিল। তাতে অঞ্জলী ম্যাডামের কোনো ভূমিকা ছিল না। তিনি কোনো কিছুর মধ্যে ছিলেন না। সবাই ম্যাডামকে শ্রদ্ধা করত।’
এ বিষয়ে চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ মাকসুদা বেগম বলেন, অঞ্জলী রানীর সঙ্গে কলেজে কারও দ্বন্দ্ব ছিল না। তাকে কেন এভাবে খুন করা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। তিনি বলেন, দুই বছরেও কারা খুনি পুলিশ তা বের করতে না পারায় কলেজের অন্য শিক্ষকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
স্ত্রী হত্যার তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ মামলার বাদী রাজেন্দ্র লাল চৌধুরী। ঘটনার দুই মাস পর ভয়ে ও আতঙ্কে তেলিপট্টি এলাকার ভাড়া বাসা ছেড়ে গ্রামের বাড়ি হাটহাজারী চলে যান তিনি। এখন সেখানেই থাকেন। তাঁর চিকিৎসক দুই মেয়ে অর্পিতা চৌধুরী ও সংগীতা চৌধুরী থাকেন ঢাকায়।
রাজেন্দ্র লাল চৌধুরী বলেন, দিনে দিনে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। কত দিন বাঁচবেন জানেন না। এই মামলার বিচারের শেষ হয়তো দেখে যেতে পারবেন না। মৃত্যুর আগে খুনিদের দেখে যেতে চান তিনি। কিন্তু তাঁর আশঙ্কা যেভাবে তদন্ত চলছে, তাতে সে আশাও হয়তো পূরণ হবে না।