সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী পাঁচজনই নির্বাচনী খরচের বড় অংশই নেবেন অন্যের কাছ থেকে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
হলফনামায় দেওয়া তথ্যে জানা গেছে, মহিলা জামায়াতের রুকন হালিমা খাতুন স্নাতক পাস। পেশা হিসেবে তিনি উল্লেখ করেছেন কৃষিকাজ ও গৃহিণী। চার লাখ পাঁচ হাজার টাকা নির্বাচনী খরচের মধ্যে নিজের হাত থেকে খরচ করবেন মাত্র ৯০ হাজার টাকা। ভাই আবদুল মালেক দেড় লাখ টাকা ধার হিসেবে দেবেন। ভাতিজা আবদুল মমিন ৫৫ হাজার ও চান্দাইকোনা ইউনিয়নের ফরিদা খাতুন এক লাখ ১০ হাজার টাকা দান করবেন।
ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শিউলী ইয়াসমিন মাধ্যমিক পাস। তিনি পেশায় গৃহিণী ও সমাজকর্মী। তিন লাখ টাকার নির্বাচনী ব্যয়ের মধ্যে নিজে খরচ করবেন এক লাখ টাকা। ভাই শওকত আলী ধার দেবেন ৫০ হাজার টাকা। দুই মেয়ের জামাই এক লাখ টাকা দেবেন দান হিসেবে। ধানগড়া এলাকার সিরাজুল ইসলাম ধার দেবেন আরও ৫০ হাজার টাকা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লিনা হক লুৎফার মাধ্যমিক পাস ও পেশায় গৃহিণী। দুই লাখ ৫০ হাজার টাকা নির্বাচনী খরচের মধ্যে নিজের খরচ ৫০ হাজার টাকা। স্বামীর কাছ থেকে এক লাখ ও ভাই শামছুল হকের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেবেন তিনি। উপজেলার চান্দাইকোনার বন্ধু প্যারিস খান ২০ হাজার ও বান্ধবী সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি এলাকার চন্দনা রানী দান হিসেবে তাঁকে দেবেন ৩০ হাজার টাকা।
মাধ্যমিক পাস ইটভাটা ব্যবসায়ী নিলুফা ইয়াসমিন ওরফে রিনার মাসিক আয় ১০ হাজার ৬৬৬ টাকা। নিলুফার নির্বাচনী খরচ তিন লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে নিজে খরচ করবেন এক লাখ টাকা। ভগ্নিপতি সাইফুল ইসলাম এক লাখ, চান্দাইকোনার গোলাম সরোয়ার ও ইমরুল হক ৫০ হাজার টাকা করে ধার দেবেন। মেয়ের জামাই সুমন সরকার দান করবেন ৫০ হাজার টাকা।
স্নাতক পাস ও পেশায় ব্যবসায়ী নিষ্কৃতি দাশের মাসিক আয় পাঁচ হাজার টাকা। নিষ্কৃতি দাশের দুই লাখ টাকার নির্বাচনী খরচের এক লাখ টাকা নিজের ব্যয়। বাকি এক লাখ টাকা দান হিসেবে দেবেন ভাই মিহির দাশ।