ধারা পরিবর্তনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার আসামিপক্ষ মামলার ধারা পরিবর্তনের আবেদন করেছে। শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান আবেদনটি নাকচ করেন।

আসামিপক্ষ দণ্ডবিধির ৩০২ ধারার পরিবর্তে দণ্ডবিধির ৩০৪ ধারায় এই মামলার অভিযোগ গঠনের আবেদন জানায়।

গতকাল ছিল এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তাজুল ইসলামকে আসামিপক্ষের জেরার ধার্য দিন। আসামিপক্ষ তাঁকে জেরা শেষ করার পর আসামি জি এম রাশেদুজ্জামানের পক্ষে আইনজীবী সৈয়দ শাহ আলম ধারা পরিবর্তনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন,  এই মামলায় দণ্ডবিধির   ৩০২ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৩০২ ধারায় অভিযোগ গঠন করতে হলে খুনের পূর্বপরিকল্পনা থাকতে হবে। কিন্তু বিশ্বজিৎ হত্যায় আসামিদের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। সাময়িক উত্তেজনার বশে খুনটি সংঘটিত হয়েছে। সে ক্ষেত্রে ৩০২ ধারায় অভিযোগ গঠন না করে দণ্ডবিধির ৩০৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা আবশ্যক।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনে সক্ষম না হলে সে ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেবেন।