
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগের ধারা সংশোধন করে নতুন অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ এ অভিযোগ গঠন করেন।
আদালত ২৭ মে এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন উগ্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে মুফতি জসীমসহ সাতজন কারাগারে আটক আছেন। আসামি রেদোয়ানুল শুরু থেকেই পলাতক।
জনস্বার্থ বিবেচনায় ব্লগার রাজীব হত্যা মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে ১১ মে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনে ভুল থাকায় তা সংশোধন করে নতুন করে অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
গতকাল রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান শুনানিতে বলেন, এ মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজন আসামি। চলতি বছরের ১৮ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ মামলায় এই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মুফতি জসীম উদ্দিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। তা সঠিক হয়নি। তিনি বলেন, আসামি জসীম উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারা এবং বাকি সাত আসামির বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা প্রয়োজন। তাঁদের বিরুদ্ধে পৃথক ধারায় অভিযোগ গঠন করা হোক। তিনি বলেন, এ ছাড়া ব্লগার রাজীবকে যে স্থানে হত্যা করা হয় অর্থাৎ ঘটনাস্থল অভিযোগ গঠনের সময় সঠিকভাবে লেখা হয়নি। তা সংশোধন করা প্রয়োজন। তা না হলে ন্যায়বিচার বিঘ্ন হওয়ার আশঙ্কা থেকে যাবে।
নতুন করে অভিযোগ গঠনের আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ। তিনি বলেন, একবার আসামিদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ গঠন করা হয়েছে, তাই নতুন করে তা করার সুযোগ নেই।
শুনানি শেষে আদালত মুফতি জসীম উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় এবং বাকি সাত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠনের আদেশ দেন। কারাগার থেকে আদালতে হাজির করা সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় ৫৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে।