সিলেটের প্রধান সীমান্ত নদী সারীর উজানে ভারতের মেঘালয় রাজ্যের জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ নির্মাণের ঘটনায় ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি নিয়ে তৎপর হয়েছে ‘আমরা সীমান্তবাসী’। সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের নেতৃত্বাধীন সিলেটের পাঁচ উপজেলায় বিস্তৃত দলনিরপেক্ষ সংগঠন ‘আমরা সীমান্তবাসী’ ব্যানারে গতকাল প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক কর্মসূচির সূচনা হয়। সারী নদী অববাহিত এলাকাগুলোতে মাসব্যাপী গণসংযোগ ও পথসভা করে কঠোর আন্দোলনের মাধ্যমে উজানে বাঁধ নির্মাণের তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগ নিতে বাধ্য করা হবে। গতকাল শনিবার বিকেলে সারী নদীর তীরের পাঁচসেউতিবাজারে ‘আমরা সীমান্তবাসী’র ধারাবাহিক আন্দোলন কর্মসূচির প্রথম সমাবেশে এ কথা জানানো হয়েছে। সমপ্রতি সারীর উজানে মেঘালয় রাজ্যের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ দেওয়া ও বাংলাদেশ সরকারের নীরবতায় ‘আমরা সীমান্তবাসী’ ব্যানারে সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি নিয়ে তৎপর হওয়ার বিষয়টি সমাবেশে অবহিত করা হয়।গত ২১ জানুয়ারি প্রথম আলোয় ‘সারী নদীর উজানে বাঁধ নির্মাণ করছে ভারত’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ সীমান্তের ৩০ কিলোমিটার দূরে মেঘালয়ের ডাউকিচ্যুতির কাছাকাছি প্রকল্পটির অবস্থান। ২০০২ সালের ২৫ অক্টোবর জৈন্তিয়া পার্বত্য জেলায় ‘মাইনথ্রু লেশকা জলবিদ্যুৎ প্রকল্প’র কাজ শুরু হয়। ৬৩ মিটার উঁচু এ রকম তিনটি বাঁধ নির্মাণ পরিকল্পনায় গত আগস্টে শেষ হয় প্রথম বাঁধের নির্মাণ। বাকি দুটি বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলামান। গত ২৯ ফেব্রুয়ারি একটি বাঁধের নির্মাণকাজ শেষ হওয়ায় ওই দিন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিবাদে ওই দিন সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সারী নদী বাঁচাও আন্দোলন প্রতিবাদী মানববন্ধন করে। এ আন্দোলনের সূত্র ধরে গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সারীর অববাহিত গ্রাম গোয়াইনঘাট উপজেলার বারহাল, পাঁচসেউতি, সারীঘাট ও জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট, রামপ্রসাদ, দরবস্তবাজারে পথসভা এবং গতকাল পাঁচসেউতিবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। মুহিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, লেঙরা ইউপির চেয়ারম্যান লুৎফুল হক, স্থানীয় প্রবীণ ব্যক্তি হাজি ফখরুল, শফিকুর রহমান, এবাদুর রহমান ও সারী নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি মনজুর আহমদ বক্তব্য দেন। ‘আমরা সীমান্তবাসী’র আহ্বায়ক দিলদার হোসেন সেলিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ সংগঠনের ব্যানারে একাত্ম হওয়া ব্যক্তিরা বিভিন্ন দলের হতে পারেন। তবে দেশের স্বার্থকে বড় করে দেখায় দলীয় পরিচয়ের বাইরে সাংগঠনিক তৎপরতা চলবে।’