ধারাবাহিক হত্যাকাণ্ড 'আন্তর্জাতিক ষড়যন্ত্রের' অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সম্প্রতি একের পর এক হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার ইঙ্গিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসব হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও জামায়াত-শিবির দায়ী বলেও তিনি মনে করেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে আজ সোমবার এসব কথা বলা হয়েছে।

গতকাল রোববার সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে পুলিশ সুপার (এসপি) মো. বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের অনেক কর্মকর্তাই মনে করছেন, জঙ্গিবিরোধী অভিযানে বাবুল আক্তারের সাহসী ভূমিকার কারণে তাঁর স্ত্রী নিশানায় পরিণত হয়েছেন। এ নিয়ে এই বছরে গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশে ১৬ হামলায় ১৭ জন নিহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, বাংলাদেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ অংশ। তিনি বলেন, ‘ইতিমধ্যে বাইরের একটি গোয়েন্দা সংস্থা এর সঙ্গে যুক্ত হয়েছে। এগুলো নিয়ে নয়া প্রচেষ্টা শুরু করেছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী এসব হত্যাকাণ্ডের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। তিনি মনে করেন, এ জন্য বিএনপি ও জামায়াত-শিবির এর জন্য দায়ী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা চিহ্নিত করেছি, যারা শিবির ছিল, তারাই হুজি (হরকাতুল জিহাদ) হয়েছে, তারাই জেএমবি হয়েছিল এবং তারাই আনসারুল্লা বাংলা টিম। এরাই একেক সময় একেক নাম দিয়ে এসব করছে।’
সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলের নাগরিক মেন্দি সাফাদির ‘বৈঠকের’ প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘এটা আপনারাও ভালো করে বলেছেন, ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থা আমাদের এক রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলছে। এটা তো আপনারা শুনেছেন, দেখেছেন।’