ধারালো অস্ত্রের আঘাতের পরও স্বাভাবিক মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলায় চাঞ্চল্যকর কবদুল সেখ (৬৫) হত্যার ঘটনায় পুলিশের সুরতহাল প্রতিবেদনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নের কথা বলা হয়েছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক কবদুল সেখের সঙ্গে দীর্ঘদিন ধরে উপজেলার রঘুনাথপুর ভূঁইয়ারচর গ্রামের দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মাস্টার ও আজাহার আলী মাস্টারদের জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মামলা-মোকদ্দমা চলছিল। গত ৪ ফেব্রুয়ারি রাতে দেলোয়ার হোসেনের সহযোগী আবদুল হক ভীমগঞ্জ বাজার থেকে কুবদল সেখকে ডেকে নিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তাঁকে পাওয়া যায়নি। পরদিন রাতে উপজেলার খুনুয়ারচর জঙ্গলদী গ্রামে মৃগি নদীর উত্তর পাড়ে পানিতে ডুবন্ত অবস্থায় কবদুলের লাশ পাওয়া যায়। এ সময় কবদুলের হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কবদুলের বড় ছেলে মো. মঞ্জুরুল হক ৬ ফেব্রুয়ারি আবদুল হক, দেলোয়ার, মিজানুর ও আজাহারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, আসামিরা কবদুলকে খুন করেছে এবং গুম করার উদ্দেশ্যে লাশ মৃগি নদীতে ফেলে দেয়।
লাশ উদ্ধারের পর শেরপুর সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে কবদুলের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নের কথা উল্লেখ করেন। ৬ ফেব্রুয়ারি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে কবদুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ২৪ মার্চ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল বাশার মো. হাবিবুল্লাহ ময়মনাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে কবদুলের মৃত্যু হয়েছে। মঞ্জুরুল হক গত ১৬ জুন এই ময়নাতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে নারাজি দিয়েছেন।
এদিকে ২১ জুন শেরপুরের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন দিয়েছেন মঞ্জুরুল হক। এতে বলা হয়, আসামিরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তাঁর বাবাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হলেও আসামিরা প্রভাব বিস্তার করে এবং অর্থের বিনিময়ে ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করিয়েছেন এবং ময়নাতদন্তকারী চিকিৎসক তাঁর বাবার মৃত্যুর সঠিক কারণ গোপন করে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যও মঞ্জুরুল জেলা প্রশাসকের কাছে আবেদন জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন; তাই আদালতে লাশের পুনঃ ময়নাতদন্তের জন্য আবেদন জানানোর জন্য তাঁকে (মঞ্জুরুল) পরামর্শ দেওয়া হয়েছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক আবুল বাশার মো. হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, অর্থের বিনিময়ে ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করার প্রশ্নই উঠে না। চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, কবদুলের গলার ডান পাশে আঘাতের যে চিহ্ন ছিল তা মৃত্যুর কারণ হিসেবে যথেষ্ট ছিল না। ওই আঘাতের ফলে মৃতের শ্বাসনালি বা খাদ্যনালির কোনো ক্ষতি হয়নি। তবে শব-ব্যবচ্ছেদে মৃতের ফুসফুসে গুরুতর সমস্যা দেখা গেছে। এতেই তাঁর মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু হলে মৃতের লাশ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেল কেন—এমন প্রশ্নের জবাবে হাবিবুল্লাহ বলেন, ‘এটি পুলিশের তদন্তের বিষয়। আমরা শুধু মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে পারি।’
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মঞ্জুরুল ইতিমধ্যে ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে আদালতে নারাজি দিয়েছেন। আদালতের নির্দেশনানুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।