ধারালো অস্ত্রের আঘাতে কবজি গেল তরুণের
বাগেরহাট পৌরসভায় মারধর করায় ক্ষুব্ধ হয়ে এক তরুণ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অপর এক তরুণের হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই তরুণকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হন। গতকাল সোমবার সকালে খারদ্বার এলাকায় এ ঘটনা ঘটে।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আশিকুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার জুয়েল খানের বাড়ির সামনে জুয়েলের সঙ্গে প্রতিবেশী রাজু শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু উত্তেজিত হয়ে জুয়েলকে একটি ঘুষি মারেন। পরে জুয়েল রাজুদের বাড়িতে গিয়ে তাঁর মাকে ঘটনাটি জানান। রাজুর মায়ের কাছে সুষ্ঠু বিচার না পেয়ে জুয়েল নিজের বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে রাজুকে কোপ দেন। কোপ ঠেকাতে গিয়ে রাজুর বাঁ হাতের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় রাজুর আত্মীয় মিঠু ও বদিউজ্জামান জুয়েলকে ঠেকাতে গিয়ে গুরুতর আহত হন। জুয়েলের সঙ্গে তাঁর বড় ভাই পুতুল খানও হামলায় অংশ নেন। ঘটনার পরপরই জুয়েল ও পুতুল বাড়িতে তালা দিয়ে সপরিবারে পালিয়ে যান। হামলাকারী ও আহত ব্যক্তিরা পরস্পরের আত্মীয়।গতকাল দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কুহেলী বেগম বলেন, সকাল ১০টা ৪০ মিনিটে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে তিন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।