ধারালো অস্ত্রের আঘাতে...
শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হলিদাকান্দা দক্ষিণপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়া (৫০) নামের এক ব্যক্তি গত শনিবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে ওই রাতেই মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ধরমপাশা সদর বাজারে টর্চ, লাইটার ও ছাতার কারিগর হিসেবে কাজ করে আসছিলেন।আহত শাহজাহানের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটায় শাহজাহান মিয়া পার্শ্ববর্তী ইউনিয়নের গাবী গ্রামে নিজ শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথে গাবী নতুন বাজারসংলগ্ন সড়কে গেলে ধারালো অস্ত্র নিয়ে দুজন অজ্ঞাত ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সেখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।