গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেছেন, রাজাকার ও তাদের সহযোগী গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নে মানুষের ধর্মীয় অনুভূতিকে পঁুজি করতে হেফাজতে ইসলাম নিজেরা ধর্মের সার্টিফিকেট দেওয়ার কাজে লিপ্ত হয়েছে।
‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল বুধবার বিকেলে প্রচারণার সময় রাজধানীর ফার্মগেটসংলগ্ন উদ্যানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বগুড়ায় এক সমাবেশে বলেন, নাস্তিকদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও শাপলা চত্বরের মতো রক্ত ঝরানো হবে। একই সঙ্গে তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ‘একমাত্র নাস্তিক’ আখ্যা দেন৷ এর পরিপ্রেক্ষিতে গতকাল মঞ্চের এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘কার ধর্ম আছে আর কার নাই, সেটা ফয়সালা করার অধিকার কোনো ব্যক্তির নেই, অথচ নিজেদের রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করতে তারা ধার্মিক-অধার্মিকের সনদের দোকান খুলেছে।’
বাবুনগরীর ‘হুমকিকে’ দেশে বৃহত্তর অরাজকতা তৈরির অপচেষ্টা আখ্যা দিয়ে ইমরান বলেন, ‘এই হুমকি প্রদান থেকে বৃহত্তর একটি ষড়যন্ত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এই হুমকি ও ষড়যন্ত্র গণজাগরণ মঞ্চের বিরুদ্ধেই শুধু নয়, পর্দার আড়ালে যেকোনো আপোসের সম্ভাবনাও তৈরি করতে পারে।’