
সিলেট নগরের গুরুত্বপূর্ণ শিবগঞ্জ এলাকার প্রধান সড়কের পাশের নালা বর্ধিতকরণের কাজ শুরু হয় প্রায় পাঁচ মাস আগে। এই প্রকল্পের কাজ প্রায় এক-চতুর্থাংশ শেষও হয়। তবে মাস খানেক কাজের পরই শুরু হয় বৃষ্টির মৌসুম। গতি কমিয়ে ফেলা হয় প্রকল্পকাজের। কিছু অংশে ঢাকনাসহ নালা নির্মাণ করা হলেও অধিকাংশ উন্মুক্ত অবস্থায় রয়েছে।
শুধু ওই এলাকায় নয়, নগরের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তা ছাড়াও সিটি করপোরেশনের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়নকাজে একধরনের ধীরগতি দেখা গেছে। এতে নাগরিক দুর্ভোগও চরমে পৌঁছেছে। আখালিয়া-নিহারিপাড়ার রাস্তার সংস্কারকাজ চলার নয় মাসের মাথায় পানির পাইপলাইন স্থাপন করতে গিয়ে পুরো রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
সিটি করপোরেশনের উন্নয়নকাজ চলমান থাকা প্রকল্প এলাকাগুলো সরেজমিনে দেখা গেছে, শিবগঞ্জের নালা-নর্দমা বর্ধিতকরণ প্রকল্পের আওতায় নর্দমা ও তার আশপাশের মাটি খুঁড়ে প্রধান সড়কে ফেলে রাখা হয়েছে। নর্দমা পাকা করার জন্য যেসব নির্মাণসামগ্রী পাঁচ মাস আগে আনা হয়, সেসবও সড়কের ওপরে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে মাটি ও নির্মাণসামগ্রী পড়ে থাকায় এই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে প্রায় সময়ই তৈরি হচ্ছে অসহনীয় যানজট।
নর্দমা ও নালার উন্নয়নকাজ চলমান থাকা এলাকাগুলোর বাসিন্দারা জানান, সংস্কারের জন্য মাটি খুঁড়ে সড়কের ওপর ফেলে রাখায় সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কের ওপর রাখা মাটি বৃষ্টির পানিতে ধুয়ে নর্দমায় গিয়ে পড়ায় পুনরায় নর্দমা ভরাট হয়। এ ছাড়া ইট-বালু-পাথর-সিমেন্টের মসলা তৈরির যন্ত্র, লোহার পাত সড়কে থাকায় অন্ধকারে যানবাহন সেখানে ধাক্কা খেয়ে ছোট-বড় দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে।
শিবগঞ্জ এলাকার বাসিন্দা ব্যবসায়ী আনহার মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, শিবগঞ্জ সড়কটি নগরের মূল একটি সড়ক। এত দিন ধরে এসব মাটি ও নির্মাণসামগ্রী পড়ে রয়েছে, অথচ সরানোর কোনো উদ্যোগই নিচ্ছে না সিটি করপোরেশন। দেখতে দেখতে বর্ষা মৌসুমই শেষ হয়ে যাচ্ছে।’
কেবল শিবগঞ্জ এলাকার নর্দমাটিই নয়। এ রকম উন্নয়ন-দুর্ভোগে পড়েছেন আরও অন্তত তিন এলাকার বাসিন্দারা। নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের পাশে গোলাপগঞ্জ উপজেলাগামী সড়কটির ঠিক সংযোগস্থলে নালা নির্মাণের কাজ শুরু হয় ছয় মাস আগে। পরে চলতি বৃষ্টির মৌসুমের শুরুর দিকে নির্মাণকাজ বন্ধ হয়ে পড়ে। সেই কাজের অংশ হিসেবে হুমায়ুন রশীদ চত্বরের ১০০ গজ দূরে গিয়াসউদ্দিন কমপ্লেক্সের সামনে গোলাপগঞ্জ সড়কে পাশেই বিশাল গর্ত খোঁড়া হয়।
চলতি বৃষ্টির মৌসুম শুরু হওয়ার ঠিক আগেই লেকসিটি এলাকার রাস্তা ও মদিনা মার্কেট-কালীবাড়ি সড়কটির নির্মাণকাজ শুরু হয়। সড়ক খুঁড়ে সেখানে ইট-পাথরের খোয়া ও বালু ফেলা হয়। তবে পাকা না হওয়ায় এই বৃষ্টির মৌসুমে এখন সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ইট আর বালু ফেলে রাখা হয়েছে বাগবাড়ি-মদিনা মার্কেট সড়কে। প্রায় এক মাস হতে চলল, সেখানকার কাজও শেষ হচ্ছে না। প্রায় দুই সপ্তাহ আগে নগরের সোবহানীঘাট-উপশহর সড়কের বাঁ পাশে মাটি খুঁড়ে পানির পাইপলাইন বসানোর কাজ করেছে কর্তৃপক্ষ। কাজ শেষে পুনরায় মাটি ফেলে খুঁড়ে ফেলা অংশ ভরাটও করা হয়। তবে পাকা সড়ক কেটে পুনরায় পাকা না করায় এখন যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাচ্ছেন।
উন্নয়নকাজে ধীরগতি প্রতিকূল আবহাওয়ার জন্য বলে জানান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।