ধীরগতির ট্রেনে যাত্রী দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার আশঙ্কায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে। প্রতিটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে স্বাভাবিকের দেড় থেকে দুই গুণ বেশি। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধে ট্রেন দূরপাল্লার একমাত্র যান হওয়ায় এই দুর্ভোগ তাঁদের বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ধীরগতিতে ট্রেন চালাতে হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে প্রতিদিন ৩০টি ট্রেন বিভিন্ন পথে চালাচল করে। এর মধ্যে আটটি আন্তনগর, ১০টি মেইল ট্রেন রয়েছে। ১ ডিসেম্বর রাজশহীর নন্দনগাছি রেলস্টেশনের কাছে লাইনের ফিশপ্লেট খুলে লাইন উপড়ে ফেলার কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রেনের গতি ৮০-৯০ থেকে কমিয়ে ৪০ কিলোমিটারের নিচে রেখে চলাচল করার নির্দেশ রয়েছে। নিরাপত্তার জন্য পাইলট ট্রেন ও মোটর ট্রলি দিয়ে রেললাইন যাচাই করা হচ্ছে। সোমবার সকাল আটটায় রাজশাহী স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফরমে উপচে পড়া ভিড়। যাত্রীদের অধিকাংশই রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত, ক্লাস না হওয়া এবং শীতকালীন ছুটির কারণে শিক্ষার্থীরা রাজশাহী ছাড়ছেন। তিনটি আন্তনগর ট্রেন সকালে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তখন দুটি ট্রেন স্টেশনেই এসে পৌঁছেনি। শুধু নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফরমে থাকলেও স্টেশনেই অপেক্ষা করছে।
দেখা যায়, শিক্ষার্থীরা সময় কাটাতে ল্যাপটপ খুলে বসেছেন। কেউ ল্যাপটপে সিনেমা দেখছেন, কেউ ফেসবুক ব্যবহার করছেন। অনেককে গোল হয়ে বসে তাস খেলতে দেখা যায়। তাসের আড্ডায় ব্যস্ত থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এম আইয়ুব বলেন, ‘নীলফামারীর সৈয়দপুর যাওয়ার উদ্দেশে স্টেশনে এসেছি। ফজরের নামাজের পর শিবিরের হামলার ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় ভোর চারটায় বিশ্ববিদ্যালয় থেকে বের হই। সকালে নাশতাও করতে পারিনি। এর পর থেকেই স্টেশনে বসে আছি।’
রাজশাহীর হেতেমখাঁর বাসিন্দা পারুল বেগম (৪৫) আক্কেলপুর যাবেন। তাঁর সঙ্গে ছোট দুই বাচ্চা। পারুল জানান, ট্রেন ধরার জন্য ভোর পাঁচটায় উঠেছেন। এখানে এসে শুনেছেন ট্রেন ছাড়তে চার ঘণ্টা দেরি হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আলম বলেন, ‘স্টেশনে এসে জানতে পেরেছি ট্রেন ছাড়তে দেরি হবে। তার পরও অবরোধে ট্রেনই একমাত্র ভরসা। তাই একটু ভোগান্তি হলেও উপায় নেই।’
রাতে আইয়ুবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ট্রেনে রাজশাহী থেকে সৈয়দপুরে আসতে তাঁর ১৩ ঘণ্টা সময় লেগেছে। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক থাকলে সাড়ে ছয় ঘণ্টায় পৌঁছানো যেত।
পশ্চিমাঞ্চল রেলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী দুলাল কুমার রায় বলেন, নিরাপত্তার জন্য গতি কমিয়ে ঘণ্টায় ৪০ কিলোমিটারের নিচে ট্রেন চালাতে বলা হয়েছে। এখন ট্রেন ছাড়া দূরপাল্লার অন্য কোনো যান চলাচল করছে না। তাই সময়ের দিকে না তাকিয়ে মানুষকে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে। আর যাত্রীদের নিরাপত্তার জন্যই ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে।