
খোলা ম্যানহোল। ভাঙা কংক্রিটের স্তূপ। খানাখন্দে ভরা সড়ক। মাঝেমধ্যে কংক্রিটের চাঁই, ইট-খোয়া, ভাঙাচোরা পাইপ আর কাঠ ছড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় পানিনিষ্কাশন পথের পুরোনো পাইপ তুলে ফেলা রাখা হয়েছে। কোথাও নতুন নিষ্কাশন লাইন বসানোর কাজ চলছে। সড়কে সারি সারি নতুন পাইপ ও ইট। পায়ে চলার জায়গাও নেই।
উত্তর বাড্ডার হাছেম উদ্দিন রোড (পুরাতন থানা রোড), হাজিপাড়া ও আলীর মোড় এলাকার মূল সড়কের দৃশ্য এখন এমনই। স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় আড়াই মাস ধরে সড়কগুলোয় পানিনিষ্কাশন পথে নতুন পাইপ বসানোর কাজ চলছে। সঙ্গে চলছে নতুন ম্যানহোল নির্মাণ। স্থানীয় বাসিন্দারা সড়কে চলাচল করতে গিয়ে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন।
গত শনিবার সেখানে গিয়ে দেখা যায়, তিন এলাকায় কোনো ধরনের যানবাহন ঢুকতে পারছে না। সড়ক উঁচু-নিচু হয়ে আছে। ব্যবসায়ীরা দোকান ও গুদামে মালামাল তুলতে পারছেন না। স্থানীয় লোকজন থানা রোডের কয়েকটি ম্যানহোলের মুখ কাঠ দিয়ে ঢেকে দিয়েছেন। হাজিপাড়া সড়কে ভাঙা কংক্রিটের স্তূপ, ফেলে রাখা পুরোনো পানিনিষ্কাশনের পাইপ। আলীর মোড় এলাকায় খনন ও পাইপ বসানো চলছে। লোকজন সড়কের অবশিষ্ট জায়গা দিয়ে কোনোমতে দেয়াল ধরে ধরে চলাফেরা করছেন।
থানা রোডের ব্যবসায়ী মজিদ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক বলেন, ‘কাজ শেষ হতে আর কত দিন লাগবে? তিন মাস হতে চলল। রাস্তায় গাড়ি ঢুকতে পারছে না। মালামাল আনতে পারছি না।’
দেখা গেছে, হাজিপাড়া ও আলীর মোড় এলাকায় পানিনিষ্কাশনের নতুন পাইপ বসানো হলেও পুরোনোগুলো তোলা হচ্ছে না। আলীর মোড়ে মায়মুনা জেনারেল স্টোরের সামনে থেকে সাতারকুল সড়কের সংযোগস্থল পর্যন্ত সড়ক খনন এখনো শুরুই হয়নি। কিছু জায়গায় সড়কের ঢালাই ভাঙা হচ্ছে।
জানা গেছে, এই তিন এলাকার প্রায় ১ হাজার ৯০০ ফুট জায়গায় পানিনিষ্কাশন পাইপ লাইনের সংস্কার কাজ চলছে। ২৪ ইঞ্চি ব্যাসের পুরোনো পাইপ তুলে ৩৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হচ্ছে। পাইপ বসানোর পর ম্যানহোলের ঢাকনা বরাবর ৮ ইঞ্চি পুরু কংক্রিটের ঢালাই দিয়ে সড়ক সংস্কার করা হবে।
আলীর মোড়ের মৌসুমী জুয়েলার্সের ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ‘রাস্তা কেটে এমন করে রাখা হয়েছে লোকজন ঘর থেকে বের হতে পারছে না। জিনিসপত্র নিয়ে চলাফেরা করা যাচ্ছে না। মানুষ এখন আর এ পথ ব্যবহার করে না। সামনে ঈদ, ব্যবসায় ক্ষতি হচ্ছে।’
তিন এলাকার মধ্য দিয়ে চলে যাওয়া এ সড়ক বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউ ও সাতারকুল রোডকে সংযুক্ত করেছে। সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আগে এ এলাকায় বৃষ্টি হলেই হাঁটুপানি জমত। নতুন এই পানিনিষ্কাশন লাইন চালু হলে সে সমস্যা আর থাকবে না। সময় নিয়ে করায় কাজটা ভালো হচ্ছে। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানিয়েছেন, ঈদের আগে পুরো এলাকা খুলে দেওয়া হবে।’