ধীরগতির সংস্কারে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ। এসব এলাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তেরোমাইল এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ। এসব এলাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তেরোমাইল এলাকা থেকে তোলা l প্রথম আলো

দেশের প্রধান মহাসড়কগুলো বেহাল। কোথাও সুরকি উঠে গেছে, কোথাও খানাখন্দ। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কোথাও চলছে ধীরগতিতে। সামনে ঈদ। যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে। এতে দুর্ভোগও বাড়বে

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশের ৪৬ কিলোমিটার সড়কের ৩০ কিলোমিটারে খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সড়কের এই অংশের দুপাশ বর্ধিতকরণের কাজে ধীরগতি ভোগান্তি আরও বাড়াচ্ছে।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, বরিশাল থেকে ভুরঘাটা পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়কের উজিরপুরের জয়শ্রী থেকে ভুরঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত ৩০ কিলোমিটারের পুরোটাই গর্তে ভরা। অনেক জায়গার পিচ উঠে গেছে। যানবাহনচালকেরা জানান, সামান্য বৃষ্টি হলে সড়কের গর্তগুলো পানিতে ডুবে যায়।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা জানান, ২০১৬-১৭ অর্থবছরে মহাসড়কের বরিশাল অংশের ৪৬ কিলোমিটার সড়কের দুপাশ বর্ধিতকরণ ও সংস্কারের জন্য চারটি গুচ্ছে প্রকল্প হাতে নেওয়া হয়। জয়শ্রী থেকে থেকে ভুরঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত ৩০ কিলোমিটারের দুটি গুচ্ছে ৩২ কোটি টাকার কাজ পায় এমএম বিল্ডার্স ও এমএসএএমপিজেভি লিমিটেড। গত বছরের অক্টোবরে তাদের কার্যাদেশ দেওয়া হয়। আগামী অক্টোবর পর্যন্ত কাজের মেয়াদ থাকলেও কাজ চলছে ধীরগতিতে।

জানতে চাইলে এমএম বিল্ডার্সের ব্যবসায়িক অংশীদার মো. নাসির আহম্মেদ বলেন, ‘আমাদের কাজে কোনো গাফিলতি নেই। বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না।’ মেসার্স এমএসএএমপিজেভি লিমিটেডের পক্ষে তদারকি কাজে নিয়োজিত মোহাম্মদ আলম বলেন, অতিবৃষ্টির কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে বলে সড়কের এ দুরবস্থা। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

হাইওয়ে পুলিশ জানায়, চলতি মাসের মাঝামাঝি দুটি ট্রাক উজিরপুরের বামরাইল এলাকা অতিক্রমের গর্তে দেবে গিয়ে আটকা পড়ে। এতে রাত আটটা থেকে একটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। গত এক মাসে অন্তত ২০টি দুর্ঘটনায় শতাধিক আহত ও একজন নিহত হন।

স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। বাসচালক মো. আরিফ হোসেন বলেন, ‘সড়কের এই অংশ পার হওয়ার সময় খুবই আতঙ্কে থাকি। বৃষ্টি হলে খানাখন্দগুলোতে পানি জমে থাকে। এ সময় খুব সাবধানে গাড়ি চালাতে হয়।’

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বলেন, টানা বৃষ্টির কারণে রাস্তার ওপর ঢালাই দেওয়া পিচ উঠে বড় বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ঠিকাদার রাস্তার দুই পাশে মাটি কেটে ফেলে রাখায় সড়কটি ডোবায় পরিণত হয়েছে।

সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে এইচ গোলাম মোস্তফা বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাতে দুর্ভোগ না হয়, সে জন্য খানাখন্দ মেরামত করা হচ্ছে।

আমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের ৩৫ কিলোমিটারের অনেক অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার ঘটকচর সেতু, সমাদ্দার সেতু, সাধুর ব্রিজ সেতু, রাজৈর বাসস্ট্যান্ড এলাকার সেতুসহ বেশ কয়েকটি সেতুর গোড়ায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকার সেতুর অবস্থা নাজুক।

তবে মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, বৃষ্টিতে মহাসড়কের কয়েকটি স্থানে ছোট-বড় গর্ত হয়েছিল, সেগুলো সংস্কার করা হয়েছে।